২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কান লিগে কলম্বো স্ট্রাইকার্সে তাসকিন

আগেই সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 05:11 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

দেশের বাইরের লিগে খেলার আরেকটি সুযোগ এসেছে তাসকিন আহমেদের সামনে। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার। তাকে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স।

কলম্বোয় মঙ্গলবার এলপিএলের পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে প্রথম রাউন্ডেই দল পেয়েছেন তাসকিন। তাকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে কলম্বো।

নিলামের আগেই আইপিএলে আলো ছড়ানো বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ডাম্বুলা থান্ডার্স।

নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত রয়ে যান অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল, দুই কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দল পাননি।

এলপিএলের গত আসরে জাফনা কিংসের হয়ে খেলা তাওহিদ হৃদয়ও প্রথম রাউন্ডে অবিক্রিত। এখনও দল পাননি গতবার কলম্বো স্ট্রাইকার্সে ডাক পাওয়া শরিফুল ইসলামও।

‘এক্সিলারেটেড’ রাউন্ডে ওঠানো হয়নি তামিম, মুশফিক, লিটন, শান্ত, হৃদয়, শরিফুলের নাম। এই ধাপে লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম উঠলেও তাকে দলে টানেনি কোনো দল।

গত এলপিএলে ডাম্বুলা অরা থেকে ডাক এসেছিল তাসকিনের। কিন্তু তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এছাড়া ২০২২ সালের আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি এই পেসারের সঙ্গে যোগাযোগ করেছিল। পরের বছর তাকে নিতে আগ্রহ প্রকাশ করে ইয়র্কশায়ার কাউন্টি ক্লাব। কোনোটিরই অনুমতি পাননি তাসকিন। পরে আইপিএলের নিলাম থেকেও প্রত্যাহার করে নিতে হয় তার নাম।

১ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবারের এলপিএল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে তাসকিনকে খেলার অনুমতি দেবে কিনা বিসিবি, সেটা নিয়ে রয়েছে সংশয়।