২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার স্কিমে আইপিডিসি

এ অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালু রাখা ও সম্প্রসারণের সুযোগ পাবে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 11:27 PM

Updated : 27 Sep 2026, 11:27 PM

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের জোগান দিতে বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

এতে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক মো. জাবদুল ইসলাম সই করেন বলে আইপিডিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পুনঃঅর্থায়ন উদ্যোগে যোগ্য ও সক্ষম সিএমএসএমই উদ্যোক্তাদের কাছে অর্থায়ন পৌঁছে দেওয়া এবং ব্যবসার উৎপাদনশীল কাজে এ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ অর্থায়নের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালু রাখা ও সম্প্রসারণের সুযোগ পাবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে।

আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, সিএমএসএমই খাতের ধারাবাহিকতা ও প্রবৃদ্ধির জন্য সময়মত এবং সাশ্রয়ী হারে চলতি মূলধনের অর্থায়ন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অর্থায়নের সুযোগ আরও বাড়াতে চাই।