পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে সম্প্রতি চুক্তি সই হয়েছে।
পরিবেশ বান্ধব শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহারে দুই চুক্তি করেছে মেঘনা ব্যাংক।
চুক্তির আওতায় পরিবেশবান্ধব শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল ব্যবহার করবে মেঘনা ব্যাংক।
সোমবার মেঘনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে সম্প্রতি চুক্তি সই হয়েছে। এর ফলে মেঘনা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন নীতিমালা অনুযায়ী যোগ্য পরিবেশবান্ধব কারখানা ও শিল্প প্রতিষ্ঠান এবং আইসিটি খাতের সম্ভাবনাময় উদ্যোগগুলোতে সহজ শর্তে ঋণ দিতে পারবে।
মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, এসএমই ব্যাংকিং প্রধান মোহাম্মদ সোহেল মিয়া, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের মোহাম্মদ হোসেন রাজু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী ও অতিরিক্ত পরিচালক মো. তোহিদুল ইসলাম।
