২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গ্রাহকদের স্বাস্থ্যসেবা দেবে গ্রামীণফোন ও ‘সুখী’

যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 07:40 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

দেশব্যাপী গ্রাহকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনের সঙ্গে একটি চুক্তি সই করেছে গ্রামীণফোন। 

বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির ফলে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস উদ্ভাবিত ‘সুখী’ প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে ও সুবিধাজনক উপায়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

রাজধানীর জিপি হাউজে সম্প্রতি এ বিষয়ক চুক্তিতে সই করেন গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাটস এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস’র সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী। 

চুক্তির আওতায় একাধিক প্যাকেজের মাধ্যমে ‘সুখী’ প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে ও নির্বিঘ্নে এবং যেকোন সময় যেকোনো স্থান থেকে স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা। 

পাশাপাশি মোবাইল ফোনের ব্যালেন্স থেকেই চিকিৎসকদের পরামর্শ ও অন্যান্য সেবার মূল্য পরিশোধ করা যাবে, যা ডিজিটাল স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেবাটি সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই গ্রামীণফোনের ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপে পাওয়া যাবে।

চুক্তি সইয়ের অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার (সিবিও) আসিফ নাইমুর রশিদ এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের চিফ টেকনোলজি অ্যান্ড বিজনেস অফিসার মো. সোলাইমুন রাসেল, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।

ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোন সবসময়ই প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সংকল্পবদ্ধ। সুখীর মতো উদ্ভাবনী প্ল্যাটফর্মের সঙ্গে কাজের মাধ্যমে সেই সেবাকে আরও সহজ ও সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা।”

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন্সের প্রধান নির্বাহী ড.আহমদ আরমান সিদ্দিকী বলেন, “গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসারের ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। আমাদের বিশ্বাস এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের বিশাল গ্রাহকগোষ্ঠীসহ দেশের বিস্তৃত জনগোষ্ঠীর কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব আমরা।”