২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: এক দিনে ৬ মৃত্যু, শনাক্ত ২৮৭

দৈনিক শনাক্তের হার সামান্য বেড়ে ৬ দশমিক ৯৭ শতাংশ হয়েছে ।

কোভিড: এক দিনে ৬ মৃত্যু, শনাক্ত ২৮৭
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 03:52 PM

Updated : 18 Oct 2022, 08:25 PM

দেশে গত এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা তিনশর নিচে নেমে এলেও মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়ে গেছে।  

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২০টি নমুনা পরীক্ষা করে ২৮৭ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৬ জনের।

তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে ৬ দশমিক ৯৭ শতাংশ হয়েছে । আগের দিন এই হার ৬ দশমিক ৯২ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১৮৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ২৫টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাদের একজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে গত একদিনে। তাদের পাঁচজন পুরুষ, একজন নারী। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬২ কোটি ৫৩ লাখ।