কোভিড: এক দিনে শনাক্ত ৪৬০ রোগী, ২ জনের মৃত্যু
দিনে শনাক্তের হার কমে হয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ।
দেশে এক দিনে আরও ৪৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে দুইজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৪৬০ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এই হার ৯ দশমিক ১৯ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৩২৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ৩৩টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
যাদের মৃত্যু হয়েছে, তারা ছিলেন চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা, একজন নারী, অন্যজন পুরুষ। একজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, অন্যজনের ৮০ বছরের বেশি।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬২ কোটি ১৯ লাখ।
