কোভিড: একদিনে শনাক্ত ১৫৩ রোগী, মৃত্যু নেই
একই সময়ে ৭৬ জন কোভিড রোগী সেরে ওঠেছেন।
দেশে গত এক দিনে আরও ১৫৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬৪৭টি নমুনা পরীক্ষা করে ওই ১৫৩ রোগী শনাক্ত হয়।
এতে দিনে শনাক্তের হার হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ; যেখানে আগের দিনে এই হার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪১ হাজার ৬২৩ জন। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৫৭ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৭৬ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৭ হাজার ৪৫২ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৪৩ জনই ঢাকার। এর বাইরে দিনাজপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ২ জন করে এবং গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী ও বরিশালে একজন করে রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
