২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত বেড়েছে, সঙ্গে মৃত্যু

ঈদের ছুটি শেষে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যাও ফের বাড়ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 04:46 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করে ১,৩২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৬ জনের।

আগের দিন ৭ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা হয়েছিল, তাতে ১০২৭ জন নতুন রোগী শনাক্ত হয়, সারা দেশে মৃত্যু হয় ৫ জনের। এক দিনের ব্যবধানে দুই সংখ্যাই বেড়েছে।

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ৭ ‍জুলাই ১০ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ঈদের ছুটির কারণে নমুনা পরীক্ষা কমে যায়। সেই সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও নেমে আসে হাজারের নিচে। গত তিন দিন ধরে তা আবার বাড়ছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ১১ দশমিক ৮৯ শতাংশ, আগের দিন এই হার ১৩ দশমিক ৭৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ১,৭৪৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।

নতুন শনাক্ত ১,৩২৪ জনের মধ্যে ৭২১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৯ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৪৭।

গত এক দিনে মারা যাওয়া তিনজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা, বাকি তিনজন ময়মনসিংহ বিভাগের। তাদের চারজন পুরুষ, দুজন নারী।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নামে। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বেড়ে যায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৫ কোটি ৯৫ লাখের বেশি।

বাংলাদেশে কোভিড-১৯: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য নিয়ে পুরনো সব খবর