২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: সোমবার শুরু ‘দিনে এক কোটি ডোজ’ টিকার দ্বিতীয় রাউন্ড

দেশজুড়ে ‘একদিনে এক কোটি ডোজ’ টিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে সোমবার; যা পরের দুদিনও চলবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 12:19 AM

Updated : 02 Aug 2022, 03:14 PM

করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের বাইরে থাকা জনগোষ্ঠীকে টিকা দিতে গত ২৬ ফেব্রুয়ারি দেশে ‘একদিনে এক কোটি ডোজ’ টিকাদানের কর্মসূচি নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

নিবন্ধনের শর্ত শিথিল থাকায় টিকাগ্রহীতাদের বিপুল ভিড়ের কারণে পরে সময় আরও দুদিন বাড়ানো হয়।

তখন শুধু ২৬ ফেব্রুয়ারিতেই প্রথম ডোজ হিসেবে ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার ব্যক্তিকে টিকা দেওয়া হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে ওই তিন দিনে এক কোটি ৪৬ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন।

আগামী তিন দিন এসব ব্যক্তিদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর এক কোটি ডোজ টিকাদান কর্মসূচীর দ্বিতীয় রাউন্ডের বিষয়ে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

কোভিড: দুই বছরের সর্বনিম্ন শনাক্ত  

গণটিকায় উপচেপড়া ভিড়  

প্রথম ডোজ বন্ধ হচ্ছে না, গণটিকা আরও দুদিন  

অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কর্মসূচীর আওতায় প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকেই নিতে হবে। ১২ বছর বা তদুর্ধ বয়সী যাদের প্রথম ডোজ নেওয়ার পর ২৮ দিন পার হয়েছে তারা দ্বিতীয় ডোজ পাবেন। তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়ার দুই মাস পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

ওই চিঠিতে বুস্টার ডোজের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, “১৮ বছর বা তার ঊর্ধ্বের জনগোষ্ঠী যারা করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস পার হয়েছে, এমন ব্যক্তিদের মোবাইলে এসএমএস না আসলেও কেন্দ্রে এলে বুস্টার ডোজ নিতে পারবেন।

“এক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা, বয়স্ক এবং নারীরা প্রাধান্য পাবেন। বুস্টার ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বা মডার্নার টিকা প্রাপ্যতা অনুযায়ী দিতে হবে।”

বাংলাদেশে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে গতবছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল এক দিনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রোববার পর্যন্ত দেশে ১২ কোটি ৬৯ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। তাদের মধ্যে ৯ কোটি ৬৬ লাখ ৭১ হাজারের বেশি মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ। আর তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন ৭৭ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।