২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড ‘সুনামির’ ভারতে অক্সিজেনের জন্য আকুতি

একদিকে রোগীর প্রচণ্ড চাপ, অন্যদিকে অক্সিজেনের সঙ্কট; সুনামির মত আঘাত হানা করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ খাদের কিনারে পৌঁছে দিয়েছে ভারতের হাসপাতালগুলোকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2021, 11:01 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

দৈনিক শনাক্ত রোগীর সংখ্যায় এখন প্রতিদিনিই নতুন বিশ্ব রেকর্ড হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ ভারতে। গত তিন দিনেই প্রায় দশ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে। 

ভারতের স্বাস্থ্য দপ্তর শনিবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে সেখানে। তাতে আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৬৬ লাখে।   

এক দিনে রেকর্ড ২ হাজার ৬২৪ জনের মৃত্যুতে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনভাইরাস কী ঘটাতে পারে, ভারত ভয়ঙ্ককরভাবে তার জানান দিচ্ছে।  

দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে এক রাতেই ২৫ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার সরকারি বরাদ্দের অক্সিজেন পৌঁছাতে কয়েক ঘণ্টা দেরি হওয়ায় এ মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

উত্তর ভারতে কয়েক ডজন হাসপাতাল পরিচালনা করা ম্যাক্স হেলথকেয়ার শনিবার টুইট করে জানায়, তাদের কাছে অক্সিজেনের যে মজুদ আছে, তা দিয়ে দুই ঘণ্টাও চলবে না।

ভারতের আরেক বড় হাসপাতাল চেইন ফর্টিস হেলথকেয়ার বলেছে, দিল্লিতে তারা আর নতুন রোগী ভর্তি করতে পারছে না। সকাল থেকে তারা অক্সিজেন সরবরাহের জন্য অপেক্ষা করছে।  

 

রয়টার্স লিখেছে, ভারতের রাজধানী দিল্লির স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাগুলো স্পষ্ট করে তুলেছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। সেখানে প্রতি চার মিনিটে একজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হচ্ছে।  

পরিস্থিতি সামাল দিতে ট্রেন এবং সামরিক বিমানে করে দেশের বিভিন্ন অংশ, এমনকি সিঙ্গাপুর থেকেও দিল্লিতে অক্সিজেন পরিবহনের ঘোষণা দিয়েছে ভারত সরকার।

মৃত্যুর এই মিছিল সামলাতে পারছে না দিল্লির শ্মশানগুলো। স্বজনের মৃতদেহ সৎকারের জন্য আসা পরিবারগুলোকে তারা অপেক্ষা করতে অনুরোধ জানাচ্ছে।

দিল্লির নিরুপায় হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে অক্সিজেন আর চিকিৎসা উপকরণের বাড়তি বরাদ্দের আদেশ চেয়ে এ সপ্তাহেই হাই কোর্টে গিয়েছিল।

সেই আবেদন শুনে দিল্লি হাই কোর্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে- এই ‘সুনামি’ সামাল দিতে তারা কীভাবে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

 

সংক্রমণ যে আক্ষরিক অর্থেই সুনামির রূপ নিয়েছে, টেলিভিশনে প্রচারিত ভিডিওতেই তা স্পষ্ট।

রোগীদের নিয়ে স্বজনরা হাসপাতালের করিডোর আর রাস্তায় অপেক্ষা করছেন, কিন্তু চিকিৎসা পাচ্ছেন না।

অটো রিকশায় করে কোডিভ-১৯ আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে নিয়ে এসেছেন এক ব্যক্তি, শ্বাসের জন্য খাবি খেতে থাকা স্ত্রীকে সামাল দিতে তার হিমশিম খেতে হচ্ছে। 

হাসপাতালের এক বেডে শুয়ে আছেন দুইজন, তাদের পাশে হুইল চেয়ারে বসা আরেকজন, সবার মুখে অক্সিজেন মাস্ক।

দিল্লিতে হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ কোভিড রোগীর মৃত্যু

এরকম অসংখ্য ছবি আর ভিডিও বলে দিচ্ছে, দিল্লিকে কতটা নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ।

দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে যে ২৫ জনের মৃত্যু হয়েছে, তাদের একজনের ভাই অমিত রয়টার্সকে বলেছেন শুক্রবার সন্ধ্যায় কেমন করে স্বজনরা সিলিন্ডার নিয়ে মরিয়া হয়ে ছুটোছুটি করছিল সেগুলো রিফিল করার জন্য।   

এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে ওই হাসপাতালের একজন আইনজীবী শনিবার দিল্লি হাই কোর্টে আবেদন করেন। তার আর্জি শুনে আদালত মেডিকেল সাপ্লাই নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে, সেই সঙ্গে হাসপাতালের নিরাপত্তাও জোরদার করতে বলেছে।

এ বছরের শুরুর দিকে ভারত সরকার ভেবেছিল, মহামারীকে তারা অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজারে নেমে এসেছিল। এরপর মার্চে ভারতের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, করোনাভাইরাসকে তারা হারিয়ে দেওয়ার পথে।

কিন্তু তখন থেকেই নতুন করে বাড়তে শুরু করে করোনাভাইরাসের প্রকোপ। এ ভাইরাসের নতুন কয়েকটি ধরন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আর তাতে রসদ যোগায় কুম্ভ মেলার মত উৎসব, যেখানে লাখ লাখ লোক সমাগম হয়।   

স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, গত শীতে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো থাকায় বিধিনিষেধ যেভাবে তুলে দেওয়া হয়েছে, সেটাই ভারতের জন্য কাল হয়েছে। 

আবার কেউ কেউ বলছেন, ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনগুলোই ভারতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের গ্লোবাল হেলথের অধ্যাপক বিক্রম প্যাটেল বলেন, মাস্ক না পরা এবং শারীরিক দূরত্বের নিয়ম না মানা হয়ত জটিলতা বাড়িয়েছে, কিন্তু যতদূর মনে হচ্ছে, সংক্রমণের এই দ্বিতীয় ঢেউয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে অতি সংক্রামক নতুন স্ট্রেইনগুলো।”  

রয়টার্স লিখেছে, এ অবস্থায় অতি সংক্রমণের এলাকাগুলোতে কঠোর লকডাউনের বিধিনিষেধ জারি এবং টিকাদান জোরদারের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা।