২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ কোভিড রোগীর মৃত্যু

ভারতের রাজধানী দিল্লিতে একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে এক রাতেই কোভিড-১৯ আক্রান্ত ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2021, 04:27 PM

Updated : 07 Apr 2022, 11:01 PM

এনডিটিভি জানায়, দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে শুক্রবার রাতে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

হাসপাতালের পরিচালক ডা. ডি কে বালুজা এনডিটিভিকে বলেন, ‘‘সরকার থেকে আমাদের হাসপাতালের জন্য সাড়ে তিন ম্যাট্রিকটন অক্সিজেন বরাদ্দ দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা ৫টার মধ্যে অক্সিজেনের ওই সরবরাহ পৌঁছানোর কথা ছিল। কিন্তু অক্সিজেন যখন পৌঁছায় তখন প্রায় মধ্যরাত। মাঝের এই সময়ে আমাদের এখানে ভর্তি ২৫ জন রোগী মারা যান।”

হাসপাতালটিতে ভর্তি অন্তত ২১৫ জন কোভিড-১৯ রোগীর অবস্থা গুরুতর এবং তাদের অক্সিজেন দিতে হচ্ছে বলেও জানান তিনি।

এ অবস্থায় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য জয়পুর গোল্ডেন হাসপাতাল কর্তৃপক্ষ দিল্লি হাইকোর্টের সহায়তা চেয়ে আবেদন করেছেন।

আবেদনে বলা হয়, ‘‘আগামী কয়েক মিনিটে আমাদের এখানে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে চলেছে। আমরা এরই মধ্যে ২৫টি জীবন হারিয়েছি। অক্সিজেনের জন্য আমরা হাঁসফাঁস করছি। আমরা আপনার সামনে আমাদের চিকিৎসকদের পেশ করছি। দয়া করে জীবন বাঁচান, দয়া করুন।”

জয়পুর গোল্ডেন হাসপাতাল থেকে শনিবার সকালেও অক্সিজেনের সরবরাহ শেষ হতে চলেছে জানিয়ে ‘এসওএস’ পাঠানো হয়। এদিন সকালে নতুন করে ‍অক্সিজেন চাওয়া দিল্লির দ্বিতীয় হাসপাতাল এটি বলে জানায় এনডিটিভি।

এরআগে মুলচান্দ হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের কাছে জরুরি অক্সিজেন চেয়ে সাহায্যের আবেদন করেছেন। সেখানে ১৩০ জনের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী লাইফ সাপোর্টে আছেন বলে তারা জানান।

টুইটে বলা হয়, ‘‘জরুরি সাহায্যের জন্য এসওএস। আমাদের এখনে যতটুকু অক্সিজেন আছে তাতে দুই ঘণ্টাও চলেবে না। আমরা মরিয়া হয়ে ফোনে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু তাদের কাউকে পাচ্ছি না।”

অক্সিজেন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত মুলচান্দ হাসপাতাল কর্তৃপক্ষ নতুন রোগী ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছে।

ওই টুইটের ঘণ্টাখানেক পর হাসপাতালের পরিস্থিতি নিয়ে এনডিটিভির সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুলচান্দ হাসপাতালের মেডিকেল ডিরেক্টর মধু হান্দা।

বলেন, ‘‘এখন আমাদের হাতে যে অক্সিজেন আছে তাতে আধাঘণ্টাও চলবে না। তবে হ্যাঁ, আমাদের আবেদন গ্রহণ করা হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের সাড়া পেয়েছি। তবে আমার ধারণা, অন্যান্য হাসপাতালেও একই অবস্থা চলছে। তাই এখন তাদের হয়তো অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে হবে।”

দিল্লিতে গত তিনদিন ধরে বেশ কয়েকটি হাসপাতাল থেকে অক্সিজেন সরবরাহ ফুরিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। সঙ্গে শয্যা আর ওষুধের সংকট তো রয়েছেই। অনেকেই এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টের কাছে সাহায্য চেয়ে আবেদন করেছে।

দিল্লি হাইকোর্ট থেকে কেন্দ্র সরকারকে দিল্লিতে মেডিকেল অক্সিজেন সরবরাহের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দিল্লিতে কোভিড-১৯ আক্রান্ত ৩৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা এখন পর্যন্ত দিল্লিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।