নওফেলকে দিয়ে চট্টগ্রামে টিকাদান শুরু
বন্দর নগরীতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে টিকা দেওয়ার মধ্য দিয়ে।
রোববার সকাল ১০টা ৩৯ মিনিটে চট্টগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে তিনি টিকা নেন।
এরপর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার স্ত্রী আয়েশা সুলতানা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ বড়ুয়াসহ অন্যরা টিকা নেন।
চট্টগ্রাম মেডিকেলের উপ-পরিচালক আফতাবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুষ্ঠানিক উদ্বোধনের পর চারটি বুথে টিকা দেওয়া শুরু হয়েছে।
এই হাসপাতালে প্রথম দিনে চিকিৎসক, রাজনীতিক, প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীসহ মোট ১০০ জনকে টিকা দেওয়া হবে।
টিকা দেওয়ার জন্য হাসপাতালের চতুর্থ তলায় আইসিইউর পাশে চারটি বুথ করা হয়েছে। এর মধ্যে দুটি বুথ নারীদের জন্য।
দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও টিকা দেওয়া শুরু হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।
জেনারেল হাসপাতালে প্রথম দিনে ২০ জনকে টিকা দেওয়া হবে। চট্টগ্রামের ১৫টি উপজেলায় প্রথমদিনে কমপক্ষে ১০ জন করে ব্যক্তিকে টিকা দেওয়ার কথা আছে।
চট্টগ্রামে চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। যার মধ্যে নগরীতে এক লাখ ৫৪ হাজার ডোজ দেওয়া হবে। বাকি টিকা উপজেলাগুলোতে পাঠানো হয়েছে।
