২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: হেলিকপ্টারে ঢাকায় আনা হল সংকটাপন্ন চিকিৎসককে

করোনাভাইরাস আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়া খুলনার একজন চিকিৎসককে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 08:16 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

ডা. আব্দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টারটি সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় অবতরণের পর ওই চিকিৎসককে এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসাপাতাল) নেওয়া হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অর্থোপেডিক্সের চিকিৎসক আব্দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ওই হাসপাতালের সহকারী পরিচালক ডা. আতিয়ার রহমান জানান, প্রায় ৫৯ বছর বয়সী ডা. কাদেরের নানা সমস্যা রয়েছে। তার ডায়াবেটিস ছাড়াও হার্টে রিং পরানো আছে।

ডা. কাদেরের অবস্থা ‘সংকটাপন্ন’ হওয়ায় তাকে ঢাকায় এনে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ওই চিকিৎসকের বিষয়ে জানতে চাইলে এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার কল্লোল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীদের বিষয়ে কোনো তথ্য দেওয়া নিষেধ আছে।”