২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পপুলার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

দেশের স্বাস্থ্য খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আখতার মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 12:25 AM

Updated : 18 Aug 2022, 03:10 PM

দুই সপ্তাহ আগে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল তার, তবে মৃত্যুর সময় তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

Image
পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আখতার

পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আখতার

বুধবার বিকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহেরা আখতার মারা যান বলে ওই হাসপাতালের ডিউটি ম্যানেজার (অপারেশন্স) ফরহাদ হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাহেরা আখতার আমাদের এখানে হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। এখানে আসার আগে উনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। পরে সেরে উঠেছিলেন। উনার কয়েকবার এ রকম হয়েছে। পজিটিভ থেকে নেগেটিভ হয়েছেন, আবার পজিটিভ হয়েছেন। আজ আমরা উনার নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি।”

তাহেরা আখতারের স্বামী ডা. মোস্তাফিজুর রহমান পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপের অধীনে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পপুলার মেডিকেল কলেজ ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে।

তাহেরা ও মোস্তাফিজ দুজনেরই বাড়ি বগুড়ায়। তাদের বাসা ঢাকার বনানীতে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১৪ দিন আগে তাহেরা আখতারের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তখন থেকে ধানমণ্ডিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরমধ্যে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় এনজিওগ্রাম করানোর জন্য মঙ্গলবার তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা খারাপ হলে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

“আজ বিকাল ৫টা ৪০ মিনিটে মারা যান।”

পপুলার গ্রুপের মানবসম্পদ বিভাগের ম্যানেজার অচিন্ত্য কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।”

বৃহস্পতিবার বাদ যোহর ধানমণ্ডির সাত গম্বুজ মসজিদে তাহেরা আখতারের জানাজা হবে বলে গোলাম কিবরিয়া জানিয়েছেন।