২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুখর পুরান ঢাকার অলি-গলি

সারা দেশে করোনাভাইরাস আক্রান্তের অর্ধেকের বেশি যে শহরের, সেই ঢাকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা পুরান ঢাকায় এখন জমজমাট বেচা-কেনা।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 09:54 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

ঢাকার সবচেয়ে বেশি ভাইরাস কবলিত এলাকাগুলোর তালিকায় পুরান ঢাকার অনেকগুলো এলাকা থাকলেও চলাচলের বিধি-নিষেধের তোয়াক্কা না করে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এসব এলাকার বাসিন্দারা।

পুরান ঢাকার সরু গলিতে গাড়ি চলার পাশাপাশি দুই পাশে সারি ধরে থাকা দোকানগুলোতেও লেগে থাকছে ভিড়। ঈদ সামনে রেখে জামা-কাপড়ের দোকানগুলো তো খুলেছেই, রয়েছে ইলেকট্রনিক্সসহ সব ধরনের পণ্যের দোকান, সুবাস ছড়াচ্ছে রাস্তার পাশে খোলা জায়গায় রাখা বাহারি ইফতার।

সেলুনগুলোতেও দেখা গেল ভিড়; করোনাভাইরাস সংক্রমণ এড়াতে যে ন্যূনতম শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে তা যেন তাদের কানেই ঢোকেনি। 

‍পুরান ঢাকার এই দৃশ্য দেখে মধ্য বয়সী একজন স্বগতোক্তি করেন: “কে বলছে দেশ একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে? কবে আমরা সভ্য হবে? দেশটা মনে হয় বড় ঝুঁকিতে পড়তে যাচ্ছে।”

গত ১০ মে থেকে সরকার দোকানপাট খোলার অনুমতি দেওয়ার পর থেকেই পুরান ঢাকার সব দোকানপাট খোলা হয়েছে বলে দোকানিরা জানান।

প্রতি বছর ‍ঈদ কাছাকাছি এলে যেভাবে মানুষের উপচেপড়া ভিড় লেগে যায় পুরান ঢাকার মার্কেটগুলোতে, এবার সে রকম ভিড় না হলেও ক্রেতাদের উপস্থিতিতে অসন্তুষ্ট নন দোকানিরা।

পুরান ঢাকার লালবাগ ও চকবাজারে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দুইশ’র কাছাকাছি। এই দুই এলাকার মধ্যবর্তী উর্দুরোডের পাঞ্জাবির পাইকারি দোকানগুলোতে বরাবরই ঈদ সামনে রেখে দৌড়-ঝাঁপ করেন খুচরা ব্যবসায়ীরা।

সোমবারও ওই এলাকার দোকানগুলোতে ভিড় দেখা যায়। সরকার স্বাস্থ্যবিধি মেনে বেচা-বিক্রি করার নির্দেশ দিলেও সেখানে ন্যূনতম শারীরিক দূরত্বের ধার ধারেনি কেউ, গা ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকের মুখে মাস্কও দেখা যায়নি। মার্কেটের খুচরা বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে অনেক নারী ও শিশুকে ‘অরক্ষিত’ দেখা যায়।

ফুটপাতের উপর ভ্যানগাড়িতে করেও কাপড়সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করতে দেখা যায়।

চকবাজারের ইফতারের বাজারে আগের মতো দোকান না বসলেও সড়কের পাশে অনেকেই ইফতারের পসরা নিয়ে বসেছেন।

জনসমাগম নিয়ে হতাশ চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবাইকে সতর্ক করা হচ্ছে। বারবার বলা হচ্ছে তারপরও জনগণ সচেতন না হলে…।”

“ভ্যানগাড়ির হকারদের পুলিশ তাড়িয়ে দেয়। পুলিশ চলে গেলে আবারও তার চলে আসে।”

চকবাজারের শাহী মসজিদের কাছে গেলে ‘লকডাউনের’ কথা কারও মনে পড়ার কথা নয়। ছোট-বড় সব ধরনের গাড়ির আওয়াজ, আর মানুষের আনাগোনা।

কেউ এসেছেন ইফতার কিনতে কেউ বা ফল। আগের মতো হাঁকডাক দিয়ে ইফতার বিক্রি না হলেও এই আয়োজন তার থেকে খুব পিছিয়েও নেই।

ইফতার কিনতে আগামাসী লেন থেকে এখানে এসেছিলেন ফয়সাল নামের এক যুবক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছর চকবাজার থেকে ইফতার কিনি। কিন্তু এ বছর আর কেনা হয়নি, তাই এসেছি।”

তিনি জানান, প্রায় সব ধরনের ইফতারই পাওয়া যাচ্ছে। তবে আগের মতো অনেক দোকান নেই।

প্রতিবছর শাহী মসজিদের সামনের রাস্তা বিকাল ৩টার পর বন্ধ করে পুরো রাস্তায় ইফতারির পসরা বসত। এ বছর যান চলাচল চালু রেখেই রাস্তার দুইপাশে ইফতার ও ফল নিয়ে বসেছেন দোকানিরা ।

আলাউদ্দিন সুইটমিটস থেকে ইফতার কিনেছেন বলে জানান ফয়সাল।

আলাউদ্দিন সুইটমিটসের মালিক মারুফ হোসেন বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই’ তিনি দোকান চলাচ্ছেন। দোকানে বেশি ভিড় হলে হ্যান্ডমাইকে ঘোষণা করা হয়।

আজিমপুর থেকে চকবাজারের দিকে যাওয়ার আগে লালবাগ রোডের সেলুনগুলোতে চোখ যায়। অধিকাংশ সেলুনেই ‘সিরিয়াল’ পেতে লোকজনকে ঠাসাঠাসি করে বসে থাকতে দেখা যায়।

এই দলে শিশুদেরও দেখা যায়, তাদের মুখে ছিল না মাস্কও। এভাবে গা ঘেঁষে বসে থাকা এই লোকগুলো পরিবারের সদস্যও নয়।

এভাবে ক্রেতাদের বসিয়ে রেখেছেন কেন জানতে চাইলে সেলুনের মালিক নানা অজুহাত দেওয়ার চেষ্টা করেন। তিনি চালু কাটছিলেন পেছন দিক থেকে এসে বসে পড়েছেন, ‘টের পাননি’- এই রকম ব্যাখ্যা দেন। এক পর্যায়ে অপক্ষারতদের পরে আসতে বলেন তিনি।

পুরান ঢাকার আরও কয়েকটি এলাকায় ঘুরে সব ধরনের দোকানপাট খোলা দেখা যায় এবং ভিড়ও দেখা যায় আগের মতোই।

সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জন। তবে দেশের কোন এলাকায় কতজন আক্রান্ত হয়েছেন, সেই তালিকা খুঁজতে গিয়ে আইইডিসিআর’র ওয়েবসাইটে আগের দিনের তথ্য পাওয়া যায়।

সেখানে দেখা যায়, অর্ধেকের বেশি আক্রান্ত হয়েছে ঢাকা শহরে, ৫৭.৩৮ শতাংশ। এই শহরের একক এলাকা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কাকরাইলে (২৯৮), এরপরে রয়েছে যাত্রাবাড়ী (২৪২), মহাখালী (২৩৫),  মোহাম্মদপুর (২১৩) ও রাজারবাগ (২০৬)।

পুরান ঢাকার এলাকাগুলোর মধ্যে লালবাগে ১২২ জন, চকবাজারে ৭০ জন, বাবুবাজারে ১১৭, বংশালে ৮৪, চাঁনখারপুরে ৩৭, গেন্ডারিয়ায় ৭৭, হাজারীবাগে ৬৫ ও ওয়ারিতে ৭১ জন শনাক্ত হয়েছেন রোববার সকাল ৮টা পর্যন্ত।