২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: এক দিনে শনাক্ত দেড়শর নিচে

দিনে শনাক্তের হার কমে হয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ।

কোভিড: এক দিনে শনাক্ত দেড়শর নিচে

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 04:36 PM

Updated : 23 Oct 2022, 05:25 PM

করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে টানা দ্বিতীয় দিনের মত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দেড়শর নিচে রয়েছে; দৈনিক শনাক্তের হারও নেমে এসেছে ৫ শতাংশের নিচে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।

তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। আগের দিন এই হার ৫ দশমিক ৪৯ শতাংশ ছিল।

শনিবার ১২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল, যা গত ২০ অগাস্টের পর সর্বনিম্ন।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ৪৪৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৯৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ৪৮টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। পঞ্চাশোর্ধ ওই পুরুষ একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬২ কোটি ৭৪ লাখ।