২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: এক মাসে কমেছে শনাক্ত রোগী

গত একদিনে দেশে আরও ১০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে কারও মৃত্যু হয়নি।

কোভিড: এক মাসে কমেছে শনাক্ত রোগী

কোভিড রোগীদের সংগৃহীত নমুনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2023, 05:38 PM

Updated : 02 Mar 2023, 05:38 PM

দেশে গত এক মাসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের মাসের চেয়ে কমেছে; তবে বেড়েছে মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশে ৭৭ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করে ৪৩১ জন রোগী শনাক্ত হয়। ওই মাসে কোভিডে মৃত্যু হয়েছিল দুজনের।

আর ফেব্রুয়ারি মাসে ৫৭ হাজার ২৯২টি নমুনা পরীক্ষায় ২৭৩ জন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয়েছে তিনজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে দেশে আরও ১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৭ দিন কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৯৮টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৫৭ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৮৫০ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪০৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ্য হলেন ২০ লাখ ৩ হাজার ৩৯৪ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৮ জন ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া কিশোরগঞ্জ জেলায় দুই জন রোগী শনাক্ত হয়েছে গত একদিনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ৫৫ লাখের বেশি।