০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টে মোদীকে রাখতে মাসে ৭৫ হাজার ডলারে ভারতের লবিং

ভারত সরকারের পক্ষে নিয়োজিত মার্কিন লবিং ফার্মটি সম্প্রতি ট্রুথ সোস্যালে মোদীর হয়ে লবিং চালানোর বিষয়টি প্রকাশ করেছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টে মোদীকে রাখতে মাসে ৭৫ হাজার ডলারে ভারতের লবিং

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 05:44 PM

Updated : 09 Nov 2026, 05:44 PM

বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন টিএমটিজি গ্রুপের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোসালে ২০২৫ সালের মার্চে অ্যাকাউন্ট খুলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু খুব বেশি পোস্ট থাকত না তার।

তবে ট্রুথ স্যোসালে ট্রাম্পের বিভিন্ন পোস্টে প্রায়ই মোদীর নাম ও তার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রসঙ্গ আসে। এখন জানা যাচ্ছে, গত জুনে মোদীর দীর্ঘতম মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকার অর্জন নিয়ে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যে পোস্টটি করেছিলেন, তা বাস্তবায়নে একটি লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ করেছিল ভারত সরকার।

এর জন্য ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামে ওই প্রতিষ্ঠানটিকে মাসে ৭৫ হাজার ডলার দিয়েছে দিল্লি।

গত শনিবার ভারতের অনলাইন সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকারের পক্ষে নিয়োজিত মার্কিন লবিং ফার্মটি সম্প্রতি সে দেশের ‘ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ)’ এর অধীনে দাখিলকৃত নথিতে ট্রুথ সোস্যালে মোদীর হয়ে লবিং চালানোর বিষয়টি প্রকাশ করেছে।

‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের দ্বারা পরিচালিত। ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মাসে ৭৫ হাজার ডলারের বিনিময়ে দিল্লির সঙ্গে চুক্তিভুক্ত হয় প্রতিষ্ঠানটি। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা এই লবিং ফার্মটির মূল টিমের অন্যতম সদস্য।

গত ১০ জুন মোদিকে শুভেচ্ছা জানিয়ে ট্রুথ স্যেসালে ট্রাম্পের সেই পোস্ট।

এছাড়া ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত মার্কারির নিবন্ধিত লবিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

খবরে বলা হয়, দাখিলকৃত তথ্য উপাত্ততে মার্কারি তাদের যেসব কার্যক্রমের তালিকা জমা দিয়েছে, তার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ট্রুথ সোশ্যালে প্রকাশিত ট্রাম্পের গত জুনের একটি পোস্ট অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে ভারতের দীর্ঘতম মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ট্রাম্প অভিনন্দন জানিয়েছিলেন।

পাশাপাশি ট্রাম্পের আরেক ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন লবিং ফার্ম ‘এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি’ প্রকাশ করেছে, তারা গত মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মোট ৮টি ফোনালাপের আয়োজন করেছিল। প্রতিষ্ঠানটি এই ফোনালাপগুলোকে তাদের ‘রাজনৈতিক কর্মকাণ্ডের’ অংশ হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে, ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এই ফোনালাপগুলো আয়োজিত হয়েছিল।

ভারত সরকার ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মটি প্রথম নিয়োগ করে এবং ২০২৬ সালের এপ্রিলে এই চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। পরবর্তীতে ২৩ জুন জেসন মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর চুক্তিটি বাতিল করা হয়।

ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির সঙ্গেও প্রতি মাসে দেড় লাখ ডলার ফি পরিশোধের বিনিময়ে এই চুক্তি করেছিল।

যুক্তরাষ্ট্রে এফএআরএ নামে আইন অনুযায়ী, বিদেশি কোনো সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বা লবিংমূলক কাজ পরিচালনা করলে সেই ফার্ম বা সংস্থাকে নিয়মিতভাবে তাদের গ্রাহকদের সঙ্গে সম্পর্ক, কাজের বিবরণী এবং প্রাপ্ত অর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব দিতে হয়। মার্কারি ও এসএইচডব্লিউ পার্টনার্স এই আইনেই তাদের হিসাব ও কার্যক্রম নিয়ে প্রতিবেদন জমা দেয়।