কোভিড: এক দিনে শনাক্ত ৪০৯ রোগী
শনাক্তের হার কমে হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।
দেশে এক দিনে আরও ৪০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে একজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে ৪০৯ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। আগের দিন এই হার ১৩ দশমিক ৬০ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮১ জন।
গত ২৪ ঘণ্টায় ৬৫১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।
নতুন ৪০৯ রোগীর মধ্যে ২৯৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ৩০টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
পঞ্চাশোর্ধ্ব যে পুরুষের মৃত্যু হয়েছে, তিনি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬২ কোটি ১৩ লাখ।
