কোভিড: ৩১০ রোগী শনাক্ত, মৃত্যু ২ জনের
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ।
দেশে গত এক দিনে ৩১০ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করে ৩১০ জন নতুন রোগী শনাক্ত হয়।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৬২ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৪ জনের মৃত্যু রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৯২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।
গত একদিনে যে ৩১০ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তাদের মধ্যে ২৬০ জনই ঢাকা বিভাগের। দেশের ৪৩ জেলায় এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়নি।
যে দুজন মারা গেছেন, তারা ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা, বয়স ছিল ষাটের বেশি। দুজনেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬০ কোটি ৮৩ লাখের বেশি।
