১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় কোভিড রোগীর মৃত্যু, দেশে শনাক্ত আরও ১৪৬

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৩৩ জনই ঢাকার।

বগুড়ায় কোভিড রোগীর মৃত্যু, দেশে শনাক্ত আরও ১৪৬

কোভিড-১৯ এ মৃত্যু হওয়া একজনের কফিনে ধূপ জ্বালাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 06:14 PM

Updated : 21 Jun 2023, 06:14 PM

দেশে গত এক দিনে ১৪৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে বগুড়ায় একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬৪০টি নমুনা পরীক্ষা করে এই ১৪৬ রোগী শনাক্ত হয়।

এতে দিনে শনাক্তের হার ৮ দশমিক ৯ শতাংশ; আগের দিনে এই হার ছিল ৭ দশমিক ০৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪১ হাজার ৮৯৪ জন।

এই সময়ে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৮ জনে দাঁড়াল।

গত ১৮ জুন কোভিডে দুজনের মৃত্যুর খবর এসেছিল। তারপর দুদিন আর কারও মৃত্যু হয়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৮ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৭ হাজার ৭৪৮ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৩৩ জনই ঢাকার; এর বাইরে চট্টগ্রাম ও বগুড়ায় তিনজন করে, নরসিংদী ও বরিশালে দুজন করে এবং কক্সবাজার, দিনাজপুর ও সিলেটে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।