১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাদি মহম্মদকে স্মরণ করল ব্র্যাক ইউনিভার্সিটি

সাদি মহম্মদ ব্র্যাক ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগে গেস্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 08:24 PM

Updated : 26 Apr 2024, 08:24 PM

দেশের বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রাজধানীর মোহাম্মদপুরে সাদি মহম্মদের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেয় এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।

ব্র্যাক ইউনিভার্সিটির জন্য তার ‘অসামান্য অবদানের’ স্বীকৃতি হিসেবে পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য স্বাক্ষরিত একটি শোকবার্তা সাদি মহম্মদের ভাই একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী মহম্মদ এবং মেজর (অব.) শোয়েব মহম্মদ তারিকুল্লাহর হাতে তুলে দেন রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, আর্কিটেকচার বিভাগের চেয়ারপারসন প্রফেসর জায়নাব ফারুকী আলী, টিচিং অ্যাসিসেন্ট উপমা দাস নিতু এবং অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার ও ডেপুটি ম্যানেজার ইফতেখার ওমর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটি জানিয়েছে, সাদি মহম্মদ ব্র্যাক ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগে গেস্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাদি মহম্মদের পরিবারের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিনিধি দলের কিছুটা সময় কাটানো স্থাপত্য, সংগীত এবং সংস্কৃতির প্রতি তার অবদানকে স্মরণের একটি প্রয়াস।

“প্রয়াত এই সংগীত শিল্পীর স্মৃতিকে সম্মান জানানো, তার মূল্যবোধকে সমুন্নত রাখা এবং তার রেখে যাওয়া কাজ যেন অন্যদের অনুপ্রাণিত করতে থাকে, সেটি নিশ্চিত করতে ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ।”