বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি শিক্ষার্থী গ্রেপ্তার
পাঁচ দিন আগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে আরেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকা থেকে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তথ্য দেন হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান।
গ্রেপ্তার ওই শিক্ষার্থীর নাম ইকরাম ওয়াহিদ তোহা। তিনি ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তোহা বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট সংলগ্ন আনোয়ারা ম্যানশন ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
ওসি জাহিদুর রহমান বলেন, “বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে পাঁচ দিন আগে ওই নারী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলাতেই বুধবার সকালে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, “একটি মেয়ের সঙ্গে ফার্মেসি বিভাগের ওই ছেলের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন।”
