১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবির হলে সিটবঞ্চিত ছাত্রীরা পাবেন ‘আবাসন সহায়তা’

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য পাঁচটি হল এবং দুটি হোস্টেল রয়েছে। তাতেও নারী শিক্ষার্থীদের আবাসন সংকুলান করা সম্ভব হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 06:15 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে আবাসন সুবিধা পাওয়ার যোগ্য হয়েও থাকতে না পারা ছাত্রীদের ‘আবাসন সহায়তা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

‘অস্থায়ী আবাসনে’র আওতাভুক্ত করে হলে সিট না পাওয়া ছাত্রীদের প্রত্যেককে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। 

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য পাঁচটি হল এবং দুটি হোস্টেল রয়েছে। তাতেও নারী শিক্ষার্থীদের আবাসন সংকুলান হচ্ছে না।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আমরা নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য খুব দ্রুতই কোনো সমাধান করতে পারছি না। সেজন্য অস্থায়ীভাবে আবাসন সুবিধার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি। বাজেটের বাইরে ‘ফান্ড কালেকশনের’ মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সহায়তা দেব।”

কোষাধ্যক্ষ বলেন, “যারা হলে সিট পাওয়ার যোগ্য কিন্তু সংকটের কারণে পাচ্ছে না, তাদের আমরা এ সুবিধা দেব। 

“ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। হলগুলোতে কারা সিটে থাকতে চায় সেটা জানতে চাওয়া হয়েছে। এটি হাতে পেলে আমরা যাচাই-বাছাই করে কাজ শুরু করে দেব।”

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং নারী শিক্ষার্থীদের হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।