সিআইইউতে হয়ে গেল অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মশালা
অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি শুরু কাগজপত্র তৈরি ও উপাত্ত নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দিনব্যাপি কর্মশালা চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের জামাল খানে সিআইইউ ক্যাম্পাসে সম্প্রতি এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী।
দুই পর্বের কর্মশালার প্রথম অংশে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য এস এম কবির। অতিথি ছিলেন কাউন্সিলের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক মোহাম্মদ নাঈম আব্দুল্লাহ।
দ্বিতীয় অংশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য এস এম কবির। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন বা স্বীকৃতি লাভের ক্ষেত্রে শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের করণীয় নিয়ে আলোচনা করেন।
উন্মুক্ত প্রশ্নোত্তর পদ্ধতির এ ইন্টারঅ্যাক্টিভ সেশনটি পারস্পরিক আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
কর্মশালা সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক আসিফ ইকবাল।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আইকিউএসির পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, অনুষদভিত্তিক সেল্ফ-অ্যাসেসমেন্ট কমিটির সদস্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাখার কর্মকর্তারা অংশ নেন।
