২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যে ভাঙ্গন: জগন্নাথে বৈষম্যবিরোধী আন্দোলনের ১৮ সমন্বয়কের পদত্যাগ

“আমরা লক্ষ্য করছি, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:28 AM

Updated : 26 Aug 2026, 10:16 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ জন সমন্বয়ক নিজেদের মধ্যে মতবিরোধে জড়িয়ে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সমন্বয়ক স্বর্ণা রিয়া এবং আলী আহম্মেদ আরাফ গত ১৪ অগাস্ট ফেইসবুকে পোস্ট দিয়ে সমন্বয়ক পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

এরপর শনিবার সকালে ফেইসবুক পোস্ট দিয়ে প্রধান সমন্বয়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ইসলামিক স্টাডিজ বিভাগের মো. নূর নবী। রাতে পদার্থ বিজ্ঞান বিভাগের মাসুদ রানাও একই সিদ্ধান্ত জানান। 

আর তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে একই দিনে যৌথ বিবৃতি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন ১৪ জন সমন্বয়ক। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইউনিটই ভেঙে দেওয়ার কথা বলেছেন। 

এই ১৪ জন হলেন– ইসলামিক স্টাডিজ বিভাগের সিয়াম হোসাইন; গণিত বিভাগের অরুণাভ আশরাফ; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মুজাহিদ বাপ্পি, ইভান তাহসীব ও খাদিজা তুল কুবরা; ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শওরীন হাসান ইরা ও যুবায়ের আহমেদ শাফিন; ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাজমুল হাসান ও ফয়সাল মুরাদ; নাট্যকলা বিভাগের কিশোর সাম্য ও মুগ্ধ আনন; মনোবিজ্ঞান বিভাগের কামরুল হাসান রিয়াজ; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কাজী আহাদ এবং এইএমএল বিভাগের আপেল আহমেদ।

যৌথ বিবৃতিতে তারা বলেন, “আমরা লক্ষ্য করছি, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। ৫ আগস্টের পর থেকেই অনেকগুলো ঘটনা ঘটেছে, যার দায় এসে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর। 

“এই প্ল্যাটফর্ম থেকে এমন অনেক কাজ করা হয়েছে, যার সঙ্গে আন্দোলনকারী ‘সমন্বয়ক’ হিসেবে পরিচিত অনেকেরই কোনো প্রকার সম্পৃক্ততা নেই। আমরা এসব কর্মকাণ্ড প্রত্যাখ্যান করছি। কিছু ঘটনা আমরা উল্লেখ করছি।”

বিবৃতিতে বলা হয়, সমন্বয়কদের মধ্যে কোনোরকম আলোচনা ছাড়াই ‘মব ট্রায়ালের মাধ্যমে’ একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, যার নজির সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর কোনো ইউনিটে নেই। 

“সমন্বয়কদের আবার উপদেষ্টা পরিষদ গঠনের প্রয়োজন পড়ল কেন? আর কাদের নিয়ে গঠিত হয়েছে এই উপদেষ্টা পরিষদ? সুযোগসন্ধানী শক্তির উপদেষ্টা পরিষদ আমরা কখনোই সমর্থন করিনি।”

সমন্বয়ক নূর নবীর বিরুদ্ধে শিক্ষার্থীর গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়, “১৫ অগাস্ট রাতে ক্যাম্পাসে সমন্বয়ক নূর নবী বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলেন।... যেখানে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে কোনো প্রকার সহিংসতায় না জড়াতে, সেখানে একজন সমন্বয়কের এমন আচরণ কোনোভাবেই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না বলে আমরা মনে করি।”

বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক মাসুদ রানার বিভিন্ন কর্মকাণ্ডে ‘রাজনৈতিক উচ্চাভিলাষ ও স্বেচ্ছাচারিতা’ ছিল মন্তব্য করা হয়েছে বিবৃতিতে। 

ওই ১৪ জন বলছেন, “সমন্বয়কদের সিদ্ধান্ত ছাড়াই ছাত্রলীগের অনুগতদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন ও নতুন কমিটি প্রণয়নের সিদ্ধান্ত মাসুদ রানার ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে পরিগণিত হচ্ছে কি না, আমরা সেই প্রশ্ন রেখে যাচ্ছি।”

দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘হল উদ্ধার আন্দোলন’ একটা আত্মঘাতী কর্মসূচি ছিল বলে মনে করছেন বিবৃতিদাতা ১৪ শিক্ষার্থী। 

তারা বলছেন, “এই কর্মসূচিকে কেন্দ্র করে পুরান ঢাকার স্থানীয় ও ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সৃষ্টি হতে পারে, যা মোটেই কাম্য নয়।” 

বিবৃতিতে বলা হয়, “সমন্বয়কদের কোনো প্রকার পরামর্শ ছাড়াই ডিসি অফিসে বসে আবু বকরের মধ্যস্থতায় একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। এই লিয়াজোঁ কমিটির প্রয়োজনীয়তা কী? ডিসি অফিসে এ রকম লিয়াজোঁ কমিটি গঠনের নজির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্য কোথাও নেই। আমরা মনে করি, এর মাধ্যমে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠীর সুবিধাভোগ ছাড়া ফলপ্রসূ কোনো কর্মকাণ্ড সম্পাদন সম্ভব নয়।”

বিবৃতিদাতাদের একজন ইভান তাহসীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কিছু সমন্বয়কের মধ্যে বেশ কিছু সমস্যা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেক সমন্বয়ক সুযোগের অপব্যবহার করছে। বর্তমানে ক্যাম্পাসে আর এই ব্যানারের কার্যকারিতা নাই। আর এই ব্যনারের কেউ যেন অপব্যবহার করতে না পারে সেজন্য ব্যনারটাকে অকার্যকর করে দিতে চাই। তাই আমরা একত্রে এমন সিদ্ধান্ত নিয়েছি।”

আরেক সমন্বয়ক কিশোর সাম্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫ অগাস্টের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেসব বিতর্কিত কর্মকাণ্ড করা হয়েছে, আমরা মনে করি, এই প্ল্যাটফর্ম এসব সমর্থন করে না। এসব কর্মকাণ্ডের ফলে প্ল্যাটফর্মটি গ্রহণযোগ্যতা হারাচ্ছে। তাই আমরা মনে করছি, এই সময়ে এসে এই প্ল্যাটফর্মের আর প্রয়োজনীয়তা থাকছে না।”

বাকি চারজনের কী ভাষ্য

শনিবার রাতে ফেইসবুকে এক পোস্টে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন মাসুদ রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এ সিদ্ধান্তের কারণ জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিলো কোটা সংস্কার। কোটা সংস্কার করতে করতে আমরা দেশটাও সংস্কার করেছি। এখন আমাদের 'সমন্বয়ক' পদটাকে ট্যাগ হিসেবে ব্যবহার করছে একটা স্বার্থান্বেষী মহল। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও দখলদারিত্ব করছে। যার অভিযোগ সম্পূর্ণভাবে সমন্বয়কদের দিকে আসছে। 

“তাই আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়িয়েছি। তবে শিক্ষার্থীদের স্বার্থে আমরা আগে যেরকম সোচ্চার ছিলাম, পরবর্তীতেও ঠিক সেরকম সোচ্চার থাকব।”

শনিবার সকালে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে প্রধান সমন্বয়ক নূর নবী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে শুরু থেকেই সকল আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাদের প্রাথমিক চাওয়াগুলো পূরণ হলেও আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শহীদরা যে রক্ত দিয়েছেন তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। 

“আজ থেকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম। ব্যক্তিস্বার্থ বিহীন এই আন্দোলনে শুরু থেকেই মাঠে থেকেছি। ময়দানে ছাত্রলীগের বর্বরোচিত হামলার স্বীকার হয়েছি, ময়দান থেকেই গুম হয়েছি এবং পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছি, কারাগারে গিয়েছি। এই সব কিছুর ঊর্ধ্বে আপনাদের ভালোবাসা পেয়েছি। সে ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকব।”

তার আগে ১৪ অগাস্ট পদত্যাগের ঘোষণার বিষয়ে স্বর্ণা রিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ক্যাম্পাসের সাজিদ ভাই মারা গেল। তিনি দেশের প্রয়োজনে প্রাণ দিলেন, অথচ তার পূর্ণ সম্মান আমরা দিতে পারিনি। সাধারণ শিক্ষার্থীরা আমাদের ওপর যেই আশা রাখেন, তাদের আশা সম্পূর্ণভাবে পূরণ লরতে পারিনি বলে আমি আমার জায়গা থেকে সরে গেছি। সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিকোণে আমরা ব্যর্থ, কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছি।”

স্বর্ণা অবশ্য কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করার কথা বলেছেন, কেন্দ্রীয় সমন্বয়কের পদ থেকে এখনই সরছেন না বলেই তার ভাষ্য। 

সমন্বয়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আলী আহাম্মেদ আরাফ গত ১৪ অগাস্ট ফেইসবুকে লেখেন, “সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমি আমার ক্যারিয়ার ও লাইফকে রিস্কে রেখে সমন্বয়কের এই দায়িত্ব নিয়েছিলাম। আন্দোলন সফল না হলে হয়ত এতদিনে আমার ঠিকানা হত আয়নাঘরে, নয়তো কবরে। তবে আন্দোলন সফল হওয়ায় আমি কোনো ক্রেডিটও নিতে চাই না। কখনো কাউকে পরিচয় দেওয়ার সময় বলিও নাই যে আমি জবির সমন্বয়ক।

“যেহেতু আন্দোলন সফল হয়েছে এবং সমন্বয়কের দায়িত্বটা আন্দোলনের জন্যই নেওয়া, সেহেতু এখন আর এটার প্রয়োজন বোধ করছি না। একই সাথে শহীদ মিনারে সাজিদ ভাইয়ের লাশকে সামনে রেখে যে অপরাজনীতি হয়েছে, যে অবজ্ঞা করা হয়েছে, তার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি।“

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের শুরুতে মাঠে নেমেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে আন্দোলনকে বেগবান করতে তারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সমন্বয়কদের নাম ঘোষণা করে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদাভাবে সমন্বয়ক ইউনিট হয়।

কোটা সংস্কারের সেই আন্দোলন ব্যাপক সহিংসতার মধ্যে অগাস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। ছাত্র জনতার দ্রোহের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৭ সমন্বয়কের মধ্যে ১৮ জনের পদত্যাগের পর এখন রইলেন ৯ সমন্বয়ক।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ সমন্বয়কও পদত্যাগ করেছেন শুক্রবার।

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- চাকসুতে এক সংবাদ সম্মেলনে নিজেদের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ের দেন সমন্বয়ক সুমাইয়া সিকদার ও চার সহ-সমন্বয়ক আল মাসনূন, ধ্রুব বড়ুয়া, সাইদ্যুজামান রেদুয়ান এবং ঈশা দে।

সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা ‘জবাবদিহি’ করছেন না এবং নানা ধরনের ‘সাফাই’ দিচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন।