ছাত্রদলকে ‘প্রতিহত’ করতে ঢাবিতে ছাত্রলীগের মিছিল
নতুন কেন্দ্রীয় কমিটির পদপ্রত্যাশী ছাত্রলীগের অধিকাংশ নেতা কর্মী-সমর্থকদের নিয়ে মধুর ক্যান্টিনে অবস্থান নেন, ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল করেন।
বিএনপির সমাবেশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'অস্থিতিশীল' পরিস্থিতি তৈরি করতে পারে এমন আশঙ্কায় ছাত্রদলকে ‘প্রতিহত’ করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ছাত্রলীগ।
শুক্রবার সকাল থেকে নতুন কেন্দ্রীয় কমিটির পদপ্রত্যাশী অধিকাংশ নেতা কর্মী-সমর্থকদের নিয়ে মধুর ক্যান্টিনে অবস্থান নেন। সেখানে জড়ো হওয়ার পাশাপাশি ক্ষণে ক্ষণে বিভিন্ন গ্রুপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও প্রবেশপথগুলোতে মিছিল করতে দেখা যায়।
সকাল ১১টায় ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হয়; টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ঘুরে সেটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপি-জামাতের সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ রুখে দিতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। ছাত্রদল যাতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি না করতে পারে সেজন্য তারা সজাগ রয়েছেন।
“যারা এদেশে গ্রেনেড এবং পেট্রোল সন্ত্রাসের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, ছাত্রসমাজ তাদের ছেড়ে দেব না।”
ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি ফরিদা পারভীন রাজু ভাস্কর্যে, উপ সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত টিএসসিতে অব্স্থান নিতে দেখা যায়। কবি জসীম উদ্দিন হলের সভাপতি ওয়ালিউল সুমনকে কর্মী-সমর্থকদের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফরিদা পারভীন বলেন, বিএনপি সমাবেশের নামে দেশে আবার আগুন সন্ত্রাস শুরু করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সতর্ক অবস্থানে আছে।
“কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগ তাদের রুখে দেবে এবং প্রতিহত করবে।”
২০১৪ সালে নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াতের ‘ভয়াবহ সহিংসতার চিত্র’ তুলে ধরে ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি তিলোত্তমা সিকদারের নেতৃত্বে মিছিল ও সমাবেশ হয়।
‘রুখে দাঁড়াও ছাত্রসমাজ’ ব্যানারে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকশ নারী শিক্ষার্থীকে নিয়ে মিছিল করেন তিনি; হাই কোর্টের মোড় থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল ও শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্য এসে সমাবেশের মাধ্যমে এর শেষ হয়।
