ইমামকে নামাজ পড়ানোর অনুমতি দিল জবি
“তদন্ত প্রতিবেদন তৈরি হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে," বলছেন রেজিস্ট্রার।
অনুমতি পাওয়ার পর জুমার নামাজ পড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ছালাহ্ উদ্দীন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে নামাজ পড়ানোর জন্য ইমামকে ডাকা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের জুমার নামাজ পড়ানোর জন্য উনাকে বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়েছে। উনার সাথে আরেকজন সহকারী ইমাম সমন্বয় করে করে নামাজ পড়াতে পারবেন।"
ইমাম ছালাহ্ উদ্দীন জুমার নামাজ পড়ানোর কথা জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কী কথা হয়েছে তা নিয়ে কথা বলতে চাননি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একটি অংশ নারীদের জন্য সংরক্ষিত। ছাত্রীরা সেখানে নামাজ পড়েন। গত ১৫ মে রাত ১১টা ২০ মিনিটে সেখানেই সেই ছাত্রীকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান মসজিদের সিনিয়র পেশ ইমাম ছালাহ্ উদ্দীন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইমামকে নামাজ পড়ানো থেকে বিরত থাকতে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনাটি খতিয়ে দেখতে ২৭ মে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এ কে এম লুৎফর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে ইমামকে দায়িত্ব থেকে সরানোর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা ।
ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছালাহ্ উদ্দীনকে ইমামতি থেকে বিরত থাকতে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো গণমাধ্যম খতিবকে অপসারণ করা হয়েছে বা অব্যাহতি দেয়া হয়েছে উল্লেখ করে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে, যা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।তদন্ত কমিটির কার্যক্রমের বিষয়ে রেজিস্ট্রার আইনুল ইসলাম বলেন, “তদন্ত কমিটির কাজ চলমান থাকবে। তদন্ত প্রতিবেদন তৈরি হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
আরও পড়ুন:
