১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক বছর পর উপাচার্য পেল রুয়েট

রুয়েটের নতুন উপাচার্য মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন।

এক বছর পর উপাচার্য পেল রুয়েট

অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 04:47 PM

Updated : 13 Aug 2023, 04:47 PM

এক বছরের বেশি সময় পর নতুন উপাচার্য পেল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েট।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য রুয়েটের উপাচার্যের দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।  

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী জাহাঙ্গীর আলমকে রুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য হিসেবে মো. জাহাঙ্গীর আলমের মেয়াদ হবে যোগদানের তাখি থেকে চার বছর। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এ নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারবেন। জাহাঙ্গীর আলম উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক জাহাঙ্গীরকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে থাকতে হবে।

রুয়েটে এর আগে উপাচর্য ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, তার মেয়াদ শেষ হয় গত বছরের জুলাইয়ে।

ওই বছরের ৩ অগাস্ট রুয়েটের অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন মো. সাজ্জাদ হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দিয়েছিল সরকার।

চলতি বছরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং যোগ্যতা প্রাপ্তির তারিখ থেকে শিক্ষকদের পদোন্নতির দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। ওই আন্দোলনের মুখে ২৮ মে পদত্যাগ করেন সাজ্জাদ হোসেন।

Image

অধ্যাপক মো. দিদার-উল-আলম

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে দিদার-উল-আলম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলমকে দ্বিতীয় মেয়াদে একই দায়িত্ব দিয়েছে সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভাইরনমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত এই অধ্যাপককে আরও চার বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

অধ্যপাপক দিদার-উল-আলমের প্রথম চার বছরের মেয়দ গত ১৫ জুলাই শেষ হয়।