কোটা: ঢাকা মেডিকেলের সামনেও সংঘর্ষ, হাত বোমা বিস্ফোরণ
ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা মেডিকেলের সামনে অবস্থান করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটাবিরোধী আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার পর দ্বিতীয় দফায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার হয়ে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যান। এসময় তাদেরকে জরুরি বিভাগ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
তখন কোটাবিরোধীরা সংগঠিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদুল্লাহ হলের পাশ থেকে কোটাবিরোধীদেরও ধাওয়া করেন। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করেন।
এসময় পরপর পাঁচটি হাত বোমা বিস্ফোরিত হয়। তবে কারা এই ককটেল নিক্ষেপ করেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এদিকে ঢাকা মেডিকেলের সামনে সংঘর্ষের খবর পেয়ে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত ছা্ত্রলীগের সমাবেশ থেকে নেতাকর্মীরা সেখানে ছুটে যান। বিকাল সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল প্রতিনিধি জানান, বিকাল সোয়া ৫টার দিকে জরুরি বিভাগের সামনে লাঠিসোঁটা হাতে বেশ কয়েকজন এলে সেখানে হুড়াহুড়ি শুরু হয়। পরে বাঁশি বাজিয়ে আনসার সদস্যরা ছুটে এলে তারা সরে যায়। এরপর মেডিকেলের প্রধান ফটক ও জরুরি বিভাগের সামনে বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়।
এরপর হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতনরা জরুরি বিভাগের সামনে ছুটে আসেন। সেখানে আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শতাধিক আহত মেডিকেলে এসেছেন। তাদের চিকিৎসার জন্য অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা হয়েছে।
“যাদের এখন ডিউটি নেই তাদেরও কল করা হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের সামনে অতিরিক্ত আনসার মোতায়েন করা হয়েছে।”
এসময় আহতদের সঙ্গে আসা কয়েকজন পরিচালককে বলেন, “আপনারা কীসের নিরাপত্তা দিচ্ছেন? তারা তো মেডিকেলে এসে আমাদের আহতদের ওপর আবারও হামলা চালাচ্ছে।”
পরিচালক তখন বলেন, “আমাদের জানা মতে, এখানে আহতদের সঙ্গে যারা আছেন, সবাই আপনাদেরই লোক। তারপরও আপনারা আইডেন্টিফাই করে দিলে আমাদের সুবিধা হয়।”
এরপর তিনি মূল ফটকে অতিরিক্ত আনসার মোতায়েন করেন।
এদিকে ঢাকা মেডিকেলের সামনে সংঘর্ষের খবর পেয়ে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত ছা্ত্রলীগের সমাবেশ থেকে নেতাকর্মীরা সেখানে ছুটে যান। বিকাল সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন।
