১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইস্ট ওয়েস্টে হয়ে গেল ইংরেজি সাহিত্যের গবেষকদের সম্মেলন

যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত এবং বাংলাদেশের ১৭০ জনের বেশি গবেষক এ সম্মেলনে অংশ নেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 06:20 PM

Updated : 30 Jul 2023, 06:20 PM

‘টিচিং ইংলিশ লিটারেচার অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারিটি’ শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং অ্যাসোসিয়েশন অফ টিচার্স অফ লিটারেচার্স ইন ইংলিশ, যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। 

শুক্র ও শনি বার দুদিন ঢাকার আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সম্মেলন হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জানিয়েছে, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত এবং বাংলাদেশের ১৭০ জনের বেশি গবেষক সম্মেলনে অংশ নেন। এছাড়া সম্মেলনে ২১টি সেশনে ২০০টির বেশি গবেষণা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করা হয়। 

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। 

সাহিত্যের বিস্তৃতিতে মানসম্পন্ন অনুবাদের ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ দেন এই অধ্যাপক। 

রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ টেনে তিনি বলেন, “গীতাঞ্জলীর অনুবাদের কারণেই কবিগুরু এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হতে পেরেছিলেন।“ 

প্রযুক্তির উৎকর্ষতায় মানুষের পড়ার অভ্যাস কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নতুন প্রজন্মকে পড়ায় ফিরিয়ে আনতে সবার মনোযোগ আকর্ষণ করেন সিরাজুল ইসলাম চৌধুরী। 

অধিবেশনে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী। 

আন্তর্জাতিক এ সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক তাহমিনা আহমেদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফারজানা আক্তার এবং সম্মেলনের সহ-আহ্বায়ক ও ইস্ট ওয়েস্টের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু শহীদ আবদুল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন।