০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিমানের জ্বালানির দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

অগাস্ট থেকে টানা চার মাস বাড়ল জেট ফুয়েলের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 06:14 PM

Updated : 05 Nov 2026, 06:14 PM

দেশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ এর দাম প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অক্টোবরে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা।

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ এর নতুন দাম প্রতি লিটার ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি বলেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত দামে শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) অন্তর্ভুক্ত রয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত দাম শুল্ক ও মূসকমুক্ত।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দরে নতুন দাম প্রযোজ্য হবে।

এ ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে যশোর বিমানবন্দরেও একই দাম কার্যকর হবে। ভবিষ্যতে চালু হওয়া বিমানবন্দরগুলোর ক্ষেত্রেও এই মূল্যহার প্রযোজ্য হবে।

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির গড় দাম এবং জ্বালানি আমদানির ঋণপত্রের অর্থ পরিশোধে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য নির্ধারণে ব্যবহৃত প্ল্যাটস রেটের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।

বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানির প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি করে ২০২৫ সালের ১৩ মে জেট এ-১ জ্বালানির মূল্য নির্ধারণের আদেশ দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের দাম ও ডলারের বিনিময় হার বিবেচনায় জেট এ-১ এর দাম সমন্বয় করা হচ্ছে।

এ জন্য ২০২৫ সালের ২৫ মে একটি কমিটি গঠন করে কমিশন। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম, ডলারের বিনিময় হার এবং ডিজেলের দাম পরিবর্তনের কারণে জ্বালানি পরিবহনের খরচ ওঠানামার বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয় কমিটিকে।

কমিটি গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারের তথ্য পর্যালোচনা করে নভেম্বরের জন্য নতুন মূল্যহারের সুপারিশ করে।

বৃহস্পতিবার ওই সুপারিশের ওপর কমিশনের শুনানি হয়। পরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নতুন দাম অনুমোদন করে বিইআরসি।

জেট এ-১ হল উড়োজাহাজে ব্যবহৃত বিশেষ ধরনের জ্বালানি। এর দাম বাড়লে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় বাড়তে পারে। তবে যাত্রীদের টিকিটের দাম বাড়বে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সিদ্ধান্তের ওপর।

অগাস্ট থেকে টানা চার মাস বাড়ল জেট ফুয়েলের দাম

জুলাইয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা। এরপর অগাস্টে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়।

সেপ্টেম্বরে আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়ানো হলে দাম হয় ১৬৫ টাকা ৬৫ পয়সা। অক্টোবরে ১৭ টাকা ৬ পয়সা বেড়ে তা দাঁড়ায় ১৮২ টাকা ৭১ পয়সায়।

নভেম্বরে আরও ৬ টাকা ৩২ পয়সা বাড়ানোর ফলে চার মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে ৫৮ টাকা ৪ পয়সা; অর্থাৎ, জুলাইয়ের তুলনায় দাম বেড়েছে ৪৪ দশমিক ৩ শতাংশ।

তবে চলতি বছরের এপ্রিলে জেট ফুয়েলের দাম আরও বেশি ছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম উঠেছিল ২২৭ টাকা ৮ পয়সায়। সেই হিসাবে নভেম্বরের নতুন দাম এপ্রিলের তুলনায় ৩৮ টাকা ৫ পয়সা কম।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য অক্টোবরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার। নভেম্বরে তা কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে দাম কমেছে শূন্য দশমিক ০২৪৫ ডলার বা প্রায় ২ দশমিক ১ শতাংশ।

এর আগে গত মার্চে জেট ফুয়েলের দাম বাড়ানোর পর তা ‘অযৌক্তিক’ বলে দাবি করেছিল এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।