২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্টন মেলায় ওয়ালটনের পরিবেশবান্ধব এসি নিয়ে আগ্রহ বিদেশিদের

পাঁচ দিনের এ প্রদর্শনীতে এসি ছাড়াও ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করছে বাংলাদেশি ব্র্যান্ডটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 05:49 PM

Updated : 19 Oct 2023, 05:49 PM

ক্যান্টন ফেয়ার নামে পরিচিত চীনের আমদানি-রপ্তানি মেলায় ওয়ালটনের তৈরি বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবশেবান্ধব ও উচ্চ ক্ষমতার এয়ার কন্ডিশনার (এসি) ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি করেছে কোম্পানিটি।

বিশ্বের বৃহত্তম এ পণ্য প্রদর্শনীতে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের আমদানিকারক, ক্রেতা ও দর্শনার্থীরা ওয়ালটনের প্যাভিলিয়নে ভিড় করছেন এবং তাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে বাংলাদেশি এ ব্র্যান্ডের এসি বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

চীনের গুয়াংজু শহরে চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার কমপ্লেক্সে ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ১৩৪তম শরৎকালীন ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপ, যা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

এতে তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী কোম্পানি ওয়ালটন। পাঁচ দিনের এ প্রদর্শনীতে এসি ছাড়াও আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করছে ওয়ালটন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটনের এসিগুলোর মধ্যে রয়েছে আইওটি বেজড ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির অফলাইন স্মার্ট ভয়েস কন্ট্রোল, ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ স্প্লিট এসিসহ ভিআরএফ এসি।

এ ব্র্যান্ডের অফলাইন ভয়েস কন্ট্রোল এসি যেকোনো ভাষায় পরিচালনা করা যায়, যা বিভিন্ন দেশের আমদানিকারক, ক্রেতা ও দর্শনার্থীদের নজর কেড়েছে।

সেইসঙ্গে ভিআরএফ এসি উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের নবম ভিআরএফ এসি উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান বলেন, “ক্যান্টন ফেয়ারে বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে কয়েক লক্ষ আমদানিকারক, ক্রেতা ও দর্শনার্থী এসেছেন। তারা ব্যাপক কৌতূহল নিয়ে ওয়ালটন প্যাভিলিয়নে বাংলাদেশে নিজস্ব প্রোডাকশন প্লান্টে তৈরি ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ড ও ওয়ালটন ব্র্যান্ডের স্মার্ট এসিসহ নানা পণ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন।

“আইওটি বেইজড ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্মার্ট এসি দেখে অভিভূত হচ্ছেন। বৈশ্বিক ক্রেতারা ওয়ালটন তথা বাংলাদেশের এসি উৎপাদন শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষতা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন।”