বার্ষিক ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন’ করল বিএনআইসি
২০২২ সালের বিভিন্ন অর্জনের পাশাপাশি চলতি বছরের লক্ষ্যমাত্রা নিয়েও আলোচনা হয় সম্মেলনে।
বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুর্যান্স কোম্পানি (বিএনআইসি) লিমিটেডের বার্ষিক ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে বিভিন্ন শাখা-প্রধানকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া চলতি বছরের লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন আলোচনা ওঠে আসে সম্মেলনে।
এছাড়া ব্যবসা আরও গতিশীল করতে কোম্পানির চেয়ারম্যান বিভিন্ন দিক নির্দেশনা দেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্মেলনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া কোম্পানির পরিচালক বিউটি আক্তার, মো. আলমগীর হোসেন খাঁন, মনজুর মো. সাইফুল আজম, তাহমিনা বিনতে মোস্তফা, তানজিমা বিনতে মোস্তফা, তানভীর আহমেদ মোস্তফা, তাসনিম বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, ওয়াসিকুর রহমান ও কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী সম্মেলনে অংশ নেন।
