২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের ওপর নজর রাখতে নিয়ন্ত্রণ কক্ষ

সার বিষয়ক যে কোনো প্রয়োজনে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 06:20 PM

Updated : 23 Jan 2024, 10:13 AM

সারাদেশে সারের বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ এবং কৃষকদের সার পেতে কোনো সমস্যা হলে সে তথ্য জানাতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে কৃষি মন্ত্রণালয়।

রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে। সার বিষয়ক যে কোনো প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান শেখ বদিউল আলম (০১৭১৩৫৯৩৪৮৭), গবেষণা কর্মকর্তা মো. নূরুন্নবী (০১৭১৬৪৬২২৭৭), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (সার) আমিনুল ইসলাম (০১৭২৪২৪৫৩৫৪) এবং অতিরিক্ত উপপরিচালক খন্দকার রাশেদ ইফতেখার (০১৮১৪ ৯৪৭০৫৪) নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করবেন।

ফোন নম্বর ব্যস্ত থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

চাহিদার বিপরীতে দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় সার না পেয়ে বিক্ষোভ করেছেন কৃষকরা।

সার নিয়ে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে ডিলারদের লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

মন্ত্রণালয়ের হিসাবে, দেশে ২৫ অগাস্ট পর্যন্ত ইউরিয়া সারের মজুদ ৬ লাখ ৫৬ হাজার মেট্রিক টন, টিএসপি ৩ লাখ ৯৪ হাজার টন, ডিএপি ৮ লাখ ২৩ হাজার টন, এমওপি ২ লাখ ৭৩ হাজার টন।

সারের বর্তমান মজুতের বিপরীতে আমন মৌসুমে (অগাস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত) সারের চাহিদা ইউরিয়া ৬ লাখ ১৯ হাজার টন, টিএসপি ১ লাখ ১৯ হাজার টন, ডিএপি ২ লাখ ২৫ হাজার টন, এমওপি ১ লাখ ৩৭ হাজার টন।

গত বছরের একই সময়ের তুলনায়ও সারের বর্তমান মজুদ বেশি। গত বছরে এই সময়ে ইউরিয়া সারের মজুদ ছিল ৫ লাখ ৮৯ হাজার মেট্রিক টন, টিএসপি ২ লাখ ২৭ হাজার টন, ডিএপি ৫ লাখ ৫৬ হাজার টন এবং এমওপি ১ লাখ ৯৬ হাজার টন।

বিসিআইসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ২৭ অগাস্ট পর্যন্ত ইউরিয়া সার বিক্রি হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৭৮৯ মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ হাজার ৬০০ টন বেশি। গত বছর এই সময়ে ইউরিয়া সার বিক্রি হয়েছিল ৩ লাখ ৬৫ হাজার ১৭৯ টন।