ফ্যামিলি কার্ডে সয়াবিন তেলের দাম ১০ টাকা কমাল টিসিবি
আগামী মঙ্গলবার থেকে সারা দেশে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিপণন শুরু হবে।
জুন মাসের বিপণনে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা করে কমিয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি।
আগামী মঙ্গলবার থেকে সারা দেশে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিপণন শুরু হবে বলে সংস্থাটি জানিয়েছে।
সেদিন সকাল ১০টায় ঢাকার তেজগাঁও তিব্বত মোড়ে টিসিবির পণ্য বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
জুন মাসের জন্য টিসিবির মূল্য তালিকায় দেখা যায়, একজন কার্ডধারী ভোক্তা ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
জুন মাসে খোলা বাজারেও খুচরায় সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা করে কমিয়েছে সরকার।
আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় কোরবানির ঈদের আগে দাম আরও কমতে পারে বলে আভাস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
খোলা বাজারে এখন বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত মূল্য লিটার ১৮৯ টাকা। চিনি প্রতিকেজি ১২৫ টাকা এবং মসুর ডাল প্রতিকেজি ১১০ টাকা থেকে ১৪০ টাকা।
