২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ পেল ‘ফিনটেক পায়োনিয়ার’ সম্মাননা

বিকাশের বর্তমান গ্রাহক সংখ্যা ৭ কোটি; এছাড়া ৩ লাখ ৩০ হাজার এজেন্টের পাশাপাশি সাড়ে ৫ লাখ মার্চেন্ট বিকাশের সঙ্গে জড়িত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 06:53 PM

Updated : 30 Jul 2023, 06:53 PM

দেশের আর্থিক প্রযুক্তি বা ফিনটেক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘ফিনটেক পায়োনিয়ার’ সম্মাননা পেয়েছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবার ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে বিকাশকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই সম্মাননা নেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “একযুগ ধরে আর্থিক অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন লেনদেনকে সহজ ও নিরাপদ করার নিরন্তর প্রচেষ্টারই স্বীকৃতি এই পুরস্কার। প্রধানমন্ত্রীর কাছ থেকে ফিনটেক পায়োনিয়ার পুরস্কার গ্রহণ আমাদের পথচলাকে আরো বেগবান করবে।”

বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ৭ কোটি; এছাড়া ৩ লাখ ৩০ হাজার এজেন্টের পাশাপাশি সাড়ে ৫ লাখ মার্চেন্ট বিকাশের সঙ্গে জড়িত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং সেবার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার পাশাপাশি সবার দৈনন্দিন লেনদেনে আরো সক্ষমতা ও স্বাধীনতা আনার চেষ্টা চালাচ্ছে বিকাশ।

এছাড়া গ্রাহকদের আর্থিক সেবাদানের পাশাপাশি সরকারের কল্যাণ কর্মসূচির সহযোগী হিসেবে বিভিন্ন ভাতা, প্রণোদনা ও উপবৃত্তি উপকারভোগীর কাছে পৌঁছে দিচ্ছে তারা।