২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কর্মসংস্থান কর্মসূচির মজুরি পৌঁছে দেবে বিকাশ

২০২২-২০২৩ সালে দুই পর্যায়ে ৮০ দিনের মজুরি কর্মসূচির কর্মীদের বিকাশ অ্যাকাউন্টে পরিশোধ করা হবে।

সরকারের কর্মসংস্থান কর্মসূচির মজুরি পৌঁছে দেবে বিকাশ

ইজিপিপি প্রকল্পে ১ লাখ ৬৫ হাজার শ্রমিকের মজুরি বিতরণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিকাশ একটি চুক্তি স্বাক্ষর করে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 05:39 PM

Updated : 08 Sep 2022, 05:39 PM

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পের ১ লাখ ৬৫ হাজার শ্রমিকের মজুরি পৌঁছে দেবে বিকাশ।

এর ফলে দেশের ২১টি জেলার এই শ্রমিকেরা তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমেই এ মজুরি তুলতে পারবেন।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ সালে দুই পর্যায়ে ৮০ দিনের মজুরি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন এই কর্মীরা। উপকারভোগীরা সেই টাকা বাড়ির কাছের এজেন্ট পয়েন্ট থেকে কোন খরচ ছাড়াই ক্যাশআউট করে নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ইজিপিপি প্রকল্পে শ্রমিকদের মজুরি পাঠাতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিকাশ একটি চুক্তি করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর চুক্তি সই করেন।

এ সময় বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম।

এ কর্মসূচির মাধ্যমে কর্মক্ষম দুঃস্থ পরিবারের জন্য স্বল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্য নিরসন ও দুর্যোগ ঝুঁকি কামতে সক্ষমতা বাড়ানোসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণ, মেরামত, সংস্কার, রাস্তা, ড্রেন, বাজার পরিষ্কারের মত কার্যক্রম চালানো হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা ভাতাও উপকারভোগীদের মাঝে বিতরণ করে আসছে বিকাশ।

এ ছাড়া প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের ভাতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভাতাসহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা সফলতা, স্বচ্ছতা ও দ্রুততার সাথে বিতরণে বিকাশ কাজ করছে।