২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ অ্যাপে নতুন ফিচার ‘অটো পে’

এ ফিচার ব্যবহার করে মাসের নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের কাছে টাকা পাঠানো যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 07:57 PM

Updated : 19 Jun 2023, 07:57 PM

প্রতি মাসে বাড়িতে কিংবা প্রিয়জনকে যারা নিয়মিত টাকা পাঠান তাদের কাজ আরও সহজ করতে বিকাশ অ্যাপের সেন্ড মানি সেবায় যুক্ত হয়েছে ‘অটো পে’ নামের নতুন ফিচার।

এ ফিচারের মাধ্যমে গ্রাহককে বারবার নিজ থেকে মনে করে টাকা পাঠাতে হবে না। বরং মাসের নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে সেই টাকা গ্রাহকের কাছে পৌঁছে যাবে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।

এতে বলা হয়েছে, এ ফিচার ব্যবহার করলে মাসের নির্দিষ্ট সময়ে টাকা পাঠানোর কথা ভুলে যাওয়া বা দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি বারবার বিভিন্ন ধাপ পেরিয়ে টাকা পাঠানোর ঝামেলাও থাকবে না প্রেরণকারীর।

সেবাটি চালু করতে বিকাশ অ্যাপের আমার বিকাশ কিংবা বিকাশ মেন্যু থেকে 'অটো পে' সিলেক্ট করে নতুন ‘অটো পে' বাটনে ট্যাপ করতে হবে।

পরের ধাপে বিকাশ অ্যাপ ব্যবহারকারীকে 'সেন্ড মানি' অপশন ক্লিক করে যে বিকাশ নম্বরে এ সেবা চালু করতে চান তা সিলেক্ট করতে হবে। তারপর তাকে ফ্রিকোয়েন্সি অর্থাৎ প্রতি ১৫ দিন, প্রতি মাস বা প্রতি সপ্তাহে ক্লিক করে টাকার অ্যামাউন্ট দিতে হবে।

একজন গ্রাহক চাইলে একাধিক নম্বরেও এ ‘অটো পে’ সেবা চালু রাখতে পারবেন এবং যেকোনো সময় তা বাতিলও করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাউকে সেন্ড মানি করার পর কনফার্মেশন স্ক্রিনের 'এনাবল অটো পে' বাটন থেকেও এই সেবা চালু করা যাবে। তবে অটো পে সেবা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত দৈনিক বা মাসিক লিমিট প্রযোজ্য হবে।

তবে সেন্ড মানি ছাড়াও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রেও স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। ফলে অটো পে ব্যবহার করে গ্রাহকরা সহজেই প্রতি মাসের নির্দিষ্ট প্রিপেইড বিল স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করতে পারছেন।