২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের ‘অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম’ চালু

স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক আইন, তহবিল সংগ্রহ, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিংসহ সাতটি মডিউল রয়েছে। আরও কিছু কোর্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 07:40 PM

Updated : 25 Jul 2023, 07:40 PM

নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াতে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছে স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।

http://stanchartentrepreneurship.com/ ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ফর এন্ট্রাপ্রেনিউরস' ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিনা খরচে দেশের বিশিষ্ট করপোরেট ব্যক্তিদের সঙ্গে যুক্ত হতে পারবেন।

এই উদ্যোগ নারী উদ্যোক্তাদের এগিয়ে যেতে সাহায্য করবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “স্মার্ট কর্মক্ষেত্র, স্মার্ট সমাজ, স্মার্ট দেশ গড়তে নারীকে পুরুষের সাথে সমানতালে এগিয়ে যেতে হবে। নারী উদ্যোক্তারা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারেন।” 

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "নারীদের পুরুষের চেয়ে বেশি যোগ্য হয়েই কর্মক্ষেত্রে যোগ দিতে হয়। নারীরা এখন অনেক এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সমাবর্তন অনুষ্ঠানগুলোতে যোগ দিয়ে আমি দেখেছি, যারা পুরস্কার পান, তাদের ৭০ ভাগই নারী।”

স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক আইন, তহবিল সংগ্রহ, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিংসহ সাতটি মডিউল রয়েছে। আরও কিছু কোর্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

পণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ- সবক্ষেত্রেই ব্যবসায়িক জ্ঞান জরুরি উল্লেখ করে দীপু মনি বলেন, “এই প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা ব্যবসায়িকভাবে দক্ষতা বাড়াতে পারবেন এবং সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।

“উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের মতো রিসোর্সগুলোর সাহায্য নিয়ে আমরা ভার্চুয়াল শিক্ষার মান বাড়াতে পারব, উদ্ভাবনগুলোকে সকলের মাঝে তুলে ধরতে পারব এবং নতুন সুযোগগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে নারীদেরও প্রস্তুত করতে পারব।”

এই প্ল্যাটফর্ম দেশব্যাপী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ও তাদের স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।

তিনি বলেন, “এই লার্নিং প্ল্যাটফর্মের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, ব্যবহারকারীরা ঘরে বসেই তাদের সুবিধা মতো শিখতে পারবে এবং আরও ভালোভাবে তাদের জীবনমান, ব্যবসা এবং ভবিষ্যৎ উন্নত করে তুলতে পারবে।

“আমি আশা করব, অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলোও তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরণের প্ল্যাটফর্ম তৈরি করবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপী দাশ চৌধুরী মনে করেন, এই প্ল্যাটফর্মটি কমিউনিটিভিত্তিক অংশগ্রহণ বাড়াবে এবং ভবিষ্যৎ উদ্যোক্তাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।

“অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ফর এন্ট্রাপ্রেনিউর, আমাদের ফিউচার মেকারস প্রোগ্রামের আওতায় ডিজিটাল বৈষম্য দূর করতে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে আমাদের প্রতিশ্রুতির একটি অংশ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজ্যুমার (প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং) সাব্বির আহমেদ, ইউসেপ বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল করিম, মাইডাসের চেয়ারম্যান জাহিদা ইস্পাহানি।