২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলএনজি আমদানিতেও ঋণ দেবে আইটিএফসি

আইটিএফসি এলএনজি আমদানি বাবদ প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন ডলার দেওয়ার আগ্রহ দেখিয়েছে।

এলএনজি আমদানিতেও ঋণ দেবে আইটিএফসি

জানান আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সুনবল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাত করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 07:57 PM

Updated : 27 Feb 2024, 07:57 PM

তরল জ্বালানি খাতে বাংলাদেশের অন্যতম ঋণদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) এলএনজি আমদানিতেও অর্থায়নের আগ্রহ দেখিয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাত করে এই আগ্রহের কথা জানান আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সুনবল।

বর্তমানে আন্তর্জাতিক বাজার থেকে ডিজেল, অপরিশোধিত জ্বালানিসহ অন্যান্য জ্বালানি আমদানিতে অর্থায়ন করছে আইটিএফসি।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইটিএফসি এলএনজি আমদানি বাবদ প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন ডলার দেওয়ার আগ্রহ দেখিয়েছে। পর্যায়ক্রমে অর্থায়ন আরও বাড়ানোর আগ্রহ রয়েছে আইটিএফসির।

আইটিএফসির সিইও হানি সালেম সুনবল বলেন, “বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে আমরা আগ্রহী। তেলের সাথে সাথে এলএনজি আমদানিতেও আইটিএফসি অর্থায়ন করবে। প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন ডলার হলেও পর্যায়ক্রমে তা বাড়তে পারে।”

তাকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যমান সম্পর্ক বাড়াতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বাংলাদেশের অর্থনীতির আকার উত্তরোত্তর বড় হচ্ছে। বাংলাদেশে চলমান ও পরিকল্পনাধীন প্রকল্পে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।”

বৈঠকে তেল রিফাইনারি, তেল ও গ্যাস পরিবহনের পাইপলাইন, সাশ্রয়ী জ্বালানির বিদ্যুৎ, নবায়ণযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও অর্থায়ন নিয়েও খোলামেলা আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই। বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার আধুনিকীকরণেও আইটিএফসি সহযোগিতা করতে পারে।”

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার ও আইটিএফসির মহাব্যবস্থাপক আবদি হামিদ আবু বৈঠকে উপস্থিত ছিলেন।