২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেমাস, এশিয়াটিক এমইসি ও গার্বেজম্যানের ‘সেভ দ্য নেচার’ উদ্যোগ

প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু করে এ কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 11:29 PM

Updated : 10 Oct 2023, 11:29 PM

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে ‘সেভ দ্য নেচার’ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কাভিত্তিক বহুজাতিক কোম্পানি হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস।

এ উদ্যোগের কমিউনিকেশন পার্টনার এশিয়াটিক এমইসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সেভ দ্য নেচার’ কার্যক্রম চলবে তিন ধাপে। প্রথম পর্যায়ে গার্বেজম্যানের সঙ্গে প্লাস্টিক সংগ্রহ করে রিসাইক্লিং করা হবে, দ্বিতীয় ধাপে প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং শেষ ধাপে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণ করা হবে।

নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে বা ওয়েব লিঙ্কে গিয়ে যে কেউ ‘সেভ দ্য নেচার’ উদ্যোগের প্লাস্টিক সংগ্রহ ও ‍রিসাইকেল কার্যক্রমে অংশ নিতে যুক্ত হতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়াটিক এমইসি’র অফিসে হেমাস, এশিয়াটিক এমইসি এবং গার্বেজম্যানের মধ্যে ‘সেভ দ্য নেচার’ কার্যক্রমের চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার নাছির উদ্দিন সিদ্দিকী, হেড অব মার্কেটিং তুষার কুমার কর্মকার, ব্র্যান্ড ম্যানেজার রিয়াদ মোর্শেদ, এশিয়াটিক এমইসি’র ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা, গার্বেজম্যানের ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ফাহিম উদ্দিন শুভ, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক লিড জারা রহমান।

এ বিষয়ে নাভীদুল ইসলাম খান বলেন, “সবুজ, সুন্দর আগামী গড়ার লক্ষ্যে আমাদের নতুন উদ্যোগ ‘সেভ দ্য নেচার’। আমাদের অসচেতনতা ও উদাসীনতায় পৃথিবী আজ হুমকির মুখে, প্রকৃতি হারাচ্ছে প্রাণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য।

“তাই আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সচেতন হই আরেকবার, ব্যবহৃত প্লাস্টিক যেখানে-সেখানে না ফেলে রিসাইকেল অথবা রিইউজ করে পরিবেশ দূষণ প্রতিরোধে নিজেদের সচেতন ভূমিকা নিশ্চিত করি।”

প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু করে ‘সেভ দ্য নেচার’ কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেয়ার প্রত্যাশা জানিয়েছেন উদোক্তারা।