ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৬৪ শিক্ষার্থী
ঢাকার র্যডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ও লেভেল, এ লেভেল, আইজিসিএসই ও ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ শিক্ষার্থী।
ঢাকার র্যডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ব্রিটিশ কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মে-জুন সেশনে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ও পিয়ারসন এডএক্সেলের অধীন ‘ও লেভেল’, ‘আইজিসিএসই’ এবং ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় ৯টি বা তার বেশি বিষয়ে এবং ‘এ লেভেল’ পরীক্ষায় পাঁচটি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়। যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ডগুলোর পক্ষে এসব পরীক্ষা পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল।
এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ‘ও লেভেল’ এবং আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। প্রত্যেকে পেয়েছেন ২৫ হাজার টাকা করে, যা তাদের শিক্ষাজীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে।
‘এ লেভেলের’ সাত পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী পেয়েছেন অনুষ্ঠানের ট্রাভেল পার্টনার গোযায়ানের বিশেষ উপহার ভাউচার।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান, সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার, গোযায়ান লিমিটেডের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা আবসার জেবা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিন, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নকিব হায়দার, পিয়ারসন এডএক্সেলের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা, অক্সফোর্ড একিউএর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা উপস্থিত ছিলেন।
