২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা এজেন্টদের সম্মাননা দিল গালফ এয়ার

ব্যবসায় অবদান রাখায় ২০ জন এজেন্টকে পুরস্কার দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 08:51 PM

Updated : 17 Jun 2023, 08:51 PM

বাহরাইনের রাষ্ট্রীয় এয়ারলাইন্স গালফ এয়ার ব্যবসায়িক সাফল্যে অবদান রাখা বাংলাদেশের এজেন্টদের সম্মাননা জানিয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় রেঁনেসা হোটেলে জমকালো ‘এজেন্ট নাইটে’ ২০২২ সালের শীর্ষ এজেন্টদের সম্মাননা জানানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

গালফ এয়ার ও আই-বিজনেস হোল্ডিং লিমিটেডে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সেরা ২০ এজেন্টের হাতে সম্মাননা তুলে দেন গালফ এয়ারের কান্ট্রি ম্যানেজার ইশা শাহ, এয়ারপোর্ট ম্যানেজার জাসিম ঘারিব এবং জিএসএ আই-বিজনেস হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মারুফুল ইসলাম ঝলক।

অনুষ্ঠানে মারুফুল ইসলাম বলেন, “এজেন্টরা হলেন আমাদের অংশীদার। আমাদের ব্যবসার সাফল্য-ব্যর্থতা তাদের ওপর নির্ভর করে। গালফ এয়ারের অসামান্য এ ব্যবসায়িক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন এই এজেন্টরা।

“এজেন্টদের কারণেই গালফ এয়ার ক্রেতাদের প্রয়োজন জানতে পারে এবং সেই অনুযায়ী নিজেদের সেবার মান বাড়াতে পারে। এর ফলে এয়ারলাইন্সের ব্যবসা ও বাজার আরও শক্তিশালী হয়ে ওঠে।“

ইশা শাহ গালফ এয়ারের এ সাফল্যের জন্য এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তাদের নিবেদন, মার্কেট সম্পর্কে বোঝাপড়া এবং অবদান গালফ এয়ারের ব্যবসাকে আরও শক্তিশালী করেছে এবং ইন্ড্রাস্ট্রিতে আমাদের সুনাম তৈরি করেছে।

“এজেন্টরা টিকেট বিক্রিতে ভূমিকা রাখেন, প্রত্যেক ক্রেতাকে বিশেষায়িত সেবা প্রদান করেন, ক্রেতাদের বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকেন এবং এভাবে তারা এই অঞ্চলে গালফ এয়ারকে আরও পরিচিত করে তুলেছেন।”

আই-বিজনেস হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান তানভীর এ মিশুক বলেন, “এজেন্টদের অক্লান্ত পরিশ্রম গালফ এয়ারের সেবা বাড়াচ্ছে, তারা টিকিট বিক্রি বাড়াচ্ছেন এবং অসাধারণ কাস্টমার সাপোর্ট দিচ্ছেন। এজেন্টরা গালফ এয়ারের দূত হিসেবে কাজ করে বাংলাদেশ মার্কেটে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন।”