Published : 18 Jul 2023, 07:04 PM
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে সাড়ে পাঁচ কোটি ৪৯ লাখ ৭৭ হাজার ৬১৭ টাকা দিয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
সচিবালয়ে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে দেখা করে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা চেক হস্তান্তর করেন।
লাফার্জ হোলসিম লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক এ কে এম আতিকুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল শ্রম প্রতিমন্ত্রীর হাতে কোম্পানির গত অর্থবছরের লভ্যাংশের দুই কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৮৯ টাকার চেক তুলে দেন।
আর ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার শফিক মুশাররফের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি প্রতিনিধি দল শ্রম প্রতিমন্ত্রীর হাতে লভ্যাংশের দুই কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৫২৮ টাকার চেক হস্তান্তর করেন।
শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার নিয়ম।
৩৪২টি কোম্পানি-প্রতিষ্ঠান এই তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিয়ে আসছে। এখন পর্যন্ত তহবিলে ৮৫৫ কোটি টাকা জমা হয়েছে।
এই তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম সচিব মো. এহছানে এলাহী, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোল্লা জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।