শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৪ কোম্পানির ২০ কোটি টাকা জমা
স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বছর শেষে মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত এ তহবিলে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিগত অর্থবছরের লভ্যাংশের একটি অংশ হিসেবে চার প্রতিষ্ঠান সাকূল্যে ২০ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কার্যালয়ে মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এ অনুদানের চেক হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে মন্ত্রণালয়।
শ্রম আইন অনুযায়ী, স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত এ তহবিলে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তহবিলে অর্থ জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৭ কোটি ৫৯ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড পিএলসি ৭ কোটি ১৭ লাখ টাকা, বিকাশ লিমিটেড ৪ কোটি ৭৯ লাখ টাকা এবং এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড ১ কোটি ১৭ লাখ টাকা জমা দিয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, “প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণ, দুস্থ ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা সহায়তায় এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তিনি নিয়মিত লভ্যাংশের অংশ জমা দেওয়ায় চারটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানান। একইসঙ্গে অন্যান্য কোম্পানিকেও তাদের নির্ধারিত অংশ তহবিলে জমা দেওয়ার আহ্বান জানান।
এ সময় বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
