২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএল গ্রুপের ৫ কোম্পানি পেল ‘প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড’

কোম্পানির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 07:43 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মানোন্নয়নে পুরস্কার পেল প্রাণ-আরএফএল গ্রুপের পাঁচ কোম্পানি।

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার কোম্পানির কর্মকর্তাদের হাতে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

পাঁচ কোম্পানির মধ্যে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম ও মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় পুরস্কার পেয়েছে। এছাড়া বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম, গেটওয়েল লিমিটেড তৃতীয় এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে।

রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সুত্রধর ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আব্দুল কাইয়ুম নিজ নিজ কোম্পানির পক্ষে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া আরএফএল গ্রুপের ফাইন্যান্স কন্ট্রোলার শফিউল আলম মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গেটওয়েল লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

সাত ক্যাটাগরিতে ২২ শিল্প প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফী বিনতে শামস, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম ও ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের’ মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম পুরস্কার প্রদানে অনুষ্ঠানে ছিলেন।