৬ মাসে এসিআই’র মুনাফা ১৪ গুণ
চলতি বছরের প্রথম ছয় মাসে আগের তুলনায় ১৪ গুণ বেশি মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড।
এ সময়ে কোম্পানিটি কর-পরবর্তী মুনাফা করেছে ২৩৯ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছে ৬০.২৮ টাকা।
আগের বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ও শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল যথাক্রমে ১৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা ও ৪.০১ টাকা।
কোম্পানিটির বড় ধরনের মুনাফা অর্জনের অন্যতম কারণ হচ্ছে ব্র্যান্ড বিক্রি। নিজেদের সেরা তিনটি ব্র্যান্ড ২৫০ কোটি ৫৪ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে এসিআই লিমিটেড।
মূলত ব্র্যান্ড বিক্রির কারণে আয়ের ক্ষেত্রে বড় ধরনের উল্লম্ফন হয়েছে কোম্পানিটির।
তবে আয়ের এ হিসাবটি বাদ দিলে প্রথম ৬ মাসে এসিআইয়ের শেয়ারপ্রতি আয়ের পরিমাণ হচ্ছে ৭.০৪ টাকা। এ হিসাবেও আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭৫.৫৬ শতাংশ।
১৯৭৬ সালে এসিআই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
