২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিহ্যাবের ‘সামার ফেয়ার’ শুরু

‘এখনই বিনিয়োগের সঠিক সময়’ স্লোগানে শুরু হয়েছে আবাসন খাতে বাংলাদেশের সবচেয়ে বড় বিক্রয় ও প্রদর্শনী ‘রিহ্যাব সামার ফেয়ার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার চার দিনের এ মেলা উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সকাল ১০টা থেকে রাত ৯টা র্পযন্ত এই মেলা চলবে, যাতে ঢুকতে হবে টিকেট কেটে।

মেলায় মোট ১২৬টি স্টল রয়েছে। এর মধ্যে সাধারণ স্টল ১০২টি, আর ভবন নির্মাণ সরঞ্জাম ও আর্থিক প্রতিষ্ঠানের ২৪টি স্টল রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আবাসন খাতে ৯ শতাংশের কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানান।

বিএনপি জোটের ‘পেট্রোল বোমা সন্ত্রাসের’ পর বাংলাদেশের অর্থনীতি আবার চাঙা হতে শুরু করেছে, বলেন তিনি।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন আবাসন খাত শক্তিশালী করতে সরকারের সহায়তা চান।

“মোট জিডিপির (দেশজ উৎপাদন) প্রায় ১৫ শতাংশ অবদান আবাসন খাতের। সরকার রাজধানীতে আবাসন খাতের জন্য জমি বরাদ্দ দিচ্ছে। এর মধ্যে রিহ্যাবকে কিছু জমি দেওয়া হোক।”

অনুষ্ঠানে রিহ্যাবের সাধারণ সম্পাদক মোহা. ওয়াহিদুজ্জামান ও সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়াও বক্তব্য রাখেন।