দুই বাজারেই সূচক কমেছে
সপ্তাহের তৃতীয় দিনেও সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।
মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১৩৮ পয়েন্ট।
আগের চার কার্যদিবসেও দুই বাজারে সূচকে ছিল নিম্নগতি।
মঙ্গলবার ডিএসইতে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৭০ লাখ টাকা বেশি।
ডিএসইতে এদিন মোট ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৩৬টির। ২৩টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।
দিন শেষে ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, এমজেএল বিডি, গ্রামীণ ফোন, শাশা ডেনিমস, ইউনিক হোটেল, ফার্মা এইড, শাহাজীবাজার পাওয়ার ও স্কয়ার ফার্মা।
সিএসইতে এদিন ৩৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৩১৫ পয়েন্ট।
লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
